Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

News Tangail

চলতি ফেব্রুয়ারি মাস পুরোটাই বন্ধ থাকবে এমনকি মার্চ মাসও দেখবেন করোনা পরিস্থিতি কি হয়–এমনটাই জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (৩০ জানুয়ারি) ২০২০ খ্রিষ্টাব্দের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ এবং ফলাফলের পরিসংখ্যান হস্তান্তর উদ্বোধন অনুষ্ঠানে অনলাইনে গণভবন থেকে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে নিজের এমন মত প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, করোনা ভাইরাস আমরা যেভাবে নিয়ন্ত্রণে রাখছি, সবাই যদি আরেকটু নিয়ম মেনে চলেন, তাহলে আমরা করোনা নিয়ন্ত্রণ করতে পারব এবং খুব দ্রুতই আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে পারবো। ফেব্রুয়ারি তো এভাবেই যাবে। আগামী মার্চ মাস আমরা দেখবো, কারণ মার্চ মাসেই ব্যাপকহারে করোনা ভাইরাস শুরু হয়েছিল।

যেহেতু মার্চ মাসে করোনা ভাইরাস ব্যাপকহারে শুরু হয়েছিল, তাই আমরা ফেব্রুয়ারি মাসও নজরে রাখবো, যদি ফেব্রুয়ারি মাসে অবস্থা ভালো থাকে, পরবর্তীতে সীমিত আকারে মার্চ-এপ্রিলে শিক্ষা প্রতিষ্ঠান খুলে, ছেলে মেয়েরা, শিক্ষার্থীরা যেন স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়য়ে যেতে পারে সেই ব্যবস্থা আমরা নেব। তিনি বলেন, এই ধরনের চিন্তাভাবনা আমাদের আছে। যত দ্রুত পারি আমরা এ ব্যবস্থা নেব। এজন্য সবাইকে স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা মেনে চলা, করোনা ভাইরাস মোকাবিলায় যা যা ব্যবস্থা আছে, গ্রহণ করা। সেই সাথে করোনার ভ্যাকসিনতো সবাই পেয়ে যাবেন, সেই জন্য সবাইকে মানসিকভাবে তৈরি থাকা।

প্রধানমন্ত্রী বলেন,‘আপনারা জানেন আমরা ইতোমধ্যে করোনা ভাইরাসের ভ্যাকসিন ক্রয় করে ফেলেছি। করোনা ভাইরাস মোকাবিলায় যত ধরনের পদ্ধতি আছে, সবই আমরা প্রয়োগ করে যাচ্ছি। আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি, সবাইকে স্বাস্থ্য সুরক্ষা মেনে চলতে হবে। যখন থেকে করোনা ভাইরাসের ভ্যাকসিনের গবেষণা শুরু হয়েছিল, তখন থেকেই আমরা আগাম টাকা দিয়ে ভ্যাকসিন বুক করে রেখছিলাম। ভ্যাকসিন যখনি আবিষ্কৃত হবে এবং বিশ্বস্বাস্থ্য সংস্থা অনুমোদন দেবে সাথে সাথে আমরা যেন সেটা আনতে পারি, প্রয়োগ করতে পারি।

ইতোমধ্যে আমরা ভ্যাকসিন দেয়া শুরু করেছি। আমি ইতোমধ্যে নির্দেশ দিয়েছি, আমাদের যারা শিক্ষক, স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়য়ে যারা কর্মরত তাদেরও যেন করোনা ভাইরাসের ভ্যাকসিন দ্রুত দেয়া হয়।’

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version