নিউজ টাঙ্গাইল ডেস্ক: সূর্যের আগমনে শীতের দাপট একটু কমলেও আবারও দু:সংবাদ দিচ্ছে আবহাওয়া অফিস। আগামী ২৭ ডিসেম্বর শুক্রবার থেকে আবারও দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া অফিস। বুধবার থেকে দেশের আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও হতে পারে। এছাড়া শুক্রবার ও শনিবার আরও একটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
মঙ্গলবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ‘ ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ভোর ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। একই সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ।’ বাসস।
আবহাওয়া বুলেটিনে আরও জানানো হয়েছে, ‘এ ছাড়া ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। আবহাওয়া প্রায় শুষ্ক থাকতে পারে। সকালের দিকে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।’
আবহাওয়াবিদ ওমর ফারুক নিউজ টাঙ্গাইলকে জানান, চলতি মাসের আগামী বুধবার ও বৃহস্পতিবার সারা দেশে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তখন আবারও দেশের তাপমাত্রা হ্রাস পেতে পারে এবং আগামী শুক্রবার ও শনিবার আরও একটি মৃদু শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে। এটি দুই থেকে তিনদিন অব্যাহত থাকবে।
আবহাওয়ার সংক্ষিপ্তসারে বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন
-
"নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন। 
