নিজস্ব প্রতিনিধি: সখীপুর-গোড়াই সড়কের প্রতিমা বংকী মিনি স্টেডিয়াম সংলগ্ন এলাকায় অজ্ঞাত সিএনজির ধাক্কায় ফেরদৌস মিয়া (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (২৯ জুলাই) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফেরদৌস উপজেলার শোলাপ্রতিমা গ্রামের নজু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ফেরদৌস ব্যাটারিচালিত অটোভ্যান নিয়ে নলুয়ার দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা একটি অজ্ঞাত সিএনজি অটোরিকশা তার ভ্যানকে ধাক্কা দেয়। এতে ফেরদৌস সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

