Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে আন্তঃ স্কুল ফুটবল প্রতিযোগিতার দুটি ফাইনাল খেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুর উপজেলা আন্তঃস্কুল গ্রীষ্মকালীন ফুটবল প্রতিযোগিতার দুটি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

বেলা দুইটায় মেয়েদের ফুটবলে আদর্শ বালিকা উচ্চবিদ্যালয় ট্রাইব্রেকারে সখীপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়কে ৫-৪ গোলে ও বেলা চারটায় ছেলেদের ফুটবলেও ট্রাইবেকারে ইন্দারজানী উচ্চবিদ্যালয়কে ৪-২ গোলে হারিয়ে গোহাইলবাড়ী আবদুল গণি উচ্চবিদ্যালয় উপজেলায় চ্যাম্পিয়ন হয়েছেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার আটটি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৫০টি উচ্চবিদ্যালয়, ২৭টি মাদ্রাসা ও দুটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। গত ১ সেপ্টেম্বর থেকে আন্তঃস্কুল, মাদ্রাসা ও কারিগরি ফুটবল প্রতিযোগিতার বাছাই শুরু হয়। ওই বাছাই প্রতিযোগিতায় প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় চ্যাম্পিয়ন হওয়া দলকে পরবর্তী প্রতিযোগিতার জন্য নির্বাচিত করা হয়।

মঙ্গলবার সেমিফাইনাল খেলায় ছেলেদের ফুটবলে ইন্দারজানী উচ্চ বিদ্যালয় ট্রাইব্রেকারে সখীপুর পিএম পাইলট মডেল গভ. স্কুল অ্যান্ড কলেজকে ও গোহাইলবাড়ী আবদুল গণি উচ্চবিদ্যালয় বিনা প্রতিদ্বন্ধিতায় হতেয়া এইচ এইচ ইউ উচ্চবিদ্যালয় দলকে হারিয়ে ফাইনালে উঠে।

অন্যদিকে মেয়েদের ফুটবলে উপজেলায় মাত্র দুটি বিদ্যালয় অংশ নেওয়ায় ওই দুটি বিদ্যালয় বুধবার সরাসরি ফাইনালে অংশ নেয়।

সন্ধ্যা ছয়টায় উপজেলার সেরা দুই দলের হাতে ট্রফি তুলে দেন ফাইনাল খেলার প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মো. আমিনুর রহমান। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শহীদুল ইসলামসহ বিভিন্ন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version