Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে উপজেলা, শহর ও কলেজ ছাত্রলীগের কমিটি সংশোধনের ৩ দিনের আল্টিমেটাম

নিজস্ব  প্রতিনিধি : টাঙ্গাইলের সখীপুরে উপজেলা, শহর ও মুজিব কলেজ এর সদ‍্য ঘোষিত ছাত্রলীগ কমিটি সংশোধনের দাবি জানিয়েছে উপজেলা আওয়ামী লীগ। বুধবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় ওই তিন কমিটিকে সংশোধন করতে জেলা ছাত্র লীগকে তিন দিনের আল্টিমেটাম দেয়া হয় ।

সভায় আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শওকত সিকদারের সভাপতিত্বে সাবেক সংসদ সদস্য উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনুপম শাহজাহান জয়, সাবেক সহ সভাপতি আতিকুর রহমান বুলবুল, সাবেক যুগ্ম সম্পাদক ডিএম শরীফুল ইসলাম শফি, সুলতান শরীফ পান্না, সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর তারেক প্রমুখ বক্তব্য দেন।

এ সময় বক্তারা ,উপজেলা ছাত্র লীগের সদ‍্য ঘোষিত কমিটিতে ছাত্রলীগের তৃণমূল নেতাকর্মীদের প্রতিফলন ঘটেনি। কমিটিতে নারী কেলেঙ্কারিতে জড়িত, দলিল লেখক রাসেল আল মামুনকে উপজেলা ছাত্রলীগের আহবায়ক করা হয়েছে। এছাড়া আল মাহমুদ প্রান্তকে যুগ্ম আহবায়ক করা হয়েছে যার বাড়ি ধনবাড়ি উপজেলায়। শহর কমিটির সম্পাদক তানবীর হাসানের বাড়ি কালিহাতি উপজেলায়। যে কারণে উপজেলা, শহর ও মুজিব কলেজ ছাত্রলীগের কমিটি অনতিবিলম্বে সংশোধনের জোর দাবি জানান।

এ ব্যাপারে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অনুপম শাজাহান জয় বলেন, জেলা ছাত্রলীগ উপজেলা আওয়ামী লীগের সঙ্গে সমন্বয় না করে রাতের আঁধারে পকেট কমিটি ঘোষণা করায় ওই কমিটি প্রত্যাখ্যান করেছি। তিনদিনের মধ্যে এই কমিটির সংশোধন করা না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি পালন করবে উপজেলা আওয়ামী লীগ।

টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইলিয়াস হাসান মুঠোফোনে বলেন, উপজেলা আওয়ামীলীগের সঙ্গে সমন্বয় করেই তাদের দাবি অনুযায়ী কমিটি ঘোষণা করা হয়েছে। এখন নতুন করে কমিটির সংশোধনের সুযোগ নেই।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version