Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে কবর খুঁড়ে কঙ্কাল চুরি

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের সখীপুরের কালিয়া ইউনিয়নের দক্ষিণ ঘোনারচালা গ্রামের মৃত মজিদ আমিনের বাড়ির পাশের গোরস্থানের চারটি কবর খুঁড়ে হাড়গুড় চুরি হয়েছে। শনিবার রাতে এ চুরি হয়। এ ঘটনায় ওই এলাকার লোকজন উদ্বিগ্ন হয়ে পড়েছে।

কালিয়া ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য বাদল হোসেন আজ দুপুরে জানান, বছর চারেক আগে দক্ষিণ ঘোনারচালা গ্রামের ৭০ বছর বয়সী লতিফন নেছা, নয় মাস আগে একই গ্রামের বিল্লাল হোসেন (৪৫) ও আট মাস আগে মৃত সায়েদ আলীর দুই মেয়ে সুমলা খাতুন ও ফাতেমা বেগম এক সপ্তাহ ব্যবধানে মারা গেলে তাঁদের ওই গোরস্থানে কবর দেওয়া হয়। গত শনিবার রাতে দুর্বৃত্তরা ওই চারটি কবর খুঁড়ে হাড়গুড় চুরি করে নিয়ে যায়।

ওই গ্রামের বাসিন্দা শুকুর মামুদ বলেন, ওই চার ব্যক্তির মধ্যে তিন নারী ও এক পুরুষের স্বাভাবিক মৃত্যুই হয়েছে। কবর খুঁড়ে হাড়গুড় চুরি যাওয়ায় আমরা গ্রামবাসী উদ্বিগ্ন হয়ে পড়েছি। আমরা কোথায় যাব, কী করব, কিছুই ভেবে পাচ্ছি না।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন রোববার দুপুরে বলেন, বিষয়টি লোকমুখে শুনেছি তবে এ বিষয়ে ওই গ্রামের কেউ আমাদের এখন পর্যন্ত লিখিতভাবে অবগত করেননি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version