নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে করোনার প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের পাশে খাদ্য সামগ্রী নিয়ে দাঁড়িয়েছেন রফিক-সবুজ দুই ভাই। এরা উপজেলার বহুরিয়া ইউনিয়নের কালমেঘা ছোট পাথার গ্রামের হাজী মোহাম্মদ লেবু মিয়ার ছেলে।
তারা করোনাভাইরাস সংকট মোকাবেলা ও রমজান মাস উপলক্ষে ৬০টি পরিবারকে একমাসের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। এছাড়া আরো ২৫ টি পরিবারকে নগদ তিন হাজার টাকা করে আর্থিক সহযোগিতাও করেছেন। এ খবর ছড়িয়ে পড়লে কর্মহীন হয়ে পড়া শতাধিক পরিবার খাদ্য সামগ্রীর আশায় ওই দুই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করেন। পরে ছোট ভাই সবুজ আল মামুন তার কানাডা প্রবাসী বন্ধুদের মাধ্যমে তহবিল সংগ্রহ করেন। এ তহবিল থেকে বহুরিয়া গ্রামের মসজিদ ভিত্তিক ২৫টি সমাজে তালিকা করে কমপক্ষে ২৫০টি পরিবারকে চাল, ডাল, তৈল, লবণ, পেঁয়াজ, চিনি, সেমাই, আতপ চাল, সবানসহ খাদ্য ও ঈদ সামগ্রী বিতরণ করেন।
এসব খাদ্য ও ঈদ সামগ্রী বিতরণের কাজে সেচ্ছাসেবক হিসেবে অন্যান্যদের মধ্যে ব্যবসায়ী এসএ শাহীন, সাবেক ইউপি সদস্য আমির হোসেন, কালমেঘা ইলিমজান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রাসেল আল মামুন, টাঙ্গাইল রেসিডেনসিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক সুমন হোসেন সজিব, নাছিরুল ইসলাম, আমিনুল ইসলাম, নাহিদ সুলতান, কামরুজ্জামান কনক অংশ নেন।
বড় ভাই রফিকুল ইসলাম রফিক বলেন, সকলের দোয়া ও সহযোগিতায় প্রথম ও দ্বিতীয় ধাপের বিতরণ কার্যক্রম শেষ হয়েছে। সকলে মিলে নিজ নিজ এলাকার অসহায়দের পাশে দাড়ালে সমাজ থেকে দারিদ্রতা দূর হবে। এ সময় তিনি ছোট ভাই সবুজের প্রবাসী বন্ধুদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

