Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে ছাত্রলীগের ৩ ইউনিটের কমিটি অনুমোদন; আনন্দ মিছিল

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুর উপজেলা, পৌর ও সরকারি মুজিব কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষণা হয়েছে।

শুক্রবার জেলা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সোহান ও ইলিয়াস হাসান স্বাক্ষরিত পৃথক তিনটি পত্রের মাধ্যমে উপজেলার এই তিন ইউনিটের কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে সাবেক সাধারণ সম্পাদক রাসেল আল মামুনকে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক এবং আল মাহমুদ প্রান্ত, সাইফুল ইসলাম হৃদয়, জুয়েল রানা ও আল আমিন আহমেদকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।

এ ছাড়া একই দিনে রেজভী শিকদার শান্তকে সভাপতি ও তানভীর হাসানকে সাধারণ সম্পাদক করে শহর (পৌর) ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। অন্যদিকে খন্দকার রকিকুল হাসান বিজয়কে সভাপতি ও মো. সুমন মিয়া সীমান্তকে সাধারণ সম্পাদক করে সরকারি মুজিব কলেজ ছাত্রলীগের কমিটিও ঘোষণা করেছে জেলা ছাত্রলীগ। এর আগে গত ৩ জুন উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ১৫ দিনের মধ্যে সভাপতি-সম্পাদক পদপ্রত্যাশীদের কাছ থেকে সিভি আহ্বান করা হয়। শীর্ষ এই দুই পদের জন্য জেলা ছাত্রলীগের কাছে শতাধিক সিভি জমা পড়ে।

দীর্ঘদিন পর হলেও কমিটি ঘোষণা স্থানীয় জোয়াহেরুল ইসলাম, সংসদ সদস্য কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি-সম্পাদক, জেলা ছাত্রলীগের সভাপতি-সম্পাদকসহ সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল বের করে উপজেলা ছাত্রলীগ। গতকাল দুপুরে মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version