Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে জয় বাংলা বলেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন এক বীর মুক্তিযোদ্ধা

News Tangail

এম সাইফুল ইসলাম শাফলু: টাঙ্গাইলের সখীপুরে জয় বাংলা বলেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন বীর  মুক্তিযোদ্ধা মো. আবদুল মালেক।৩১ অক্টোবর  রোববার সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার আমতৈল পূর্বপাড়া গ্রামে ২ নং বহেড়াতৈল ইউনিয়ন পরিষদ নির্বাচনের নৌকা প্রতীকের পথসভায়  সভাপতির নির্ধারিত  বক্তব্যের শেষে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলেই তিনি বসে  ঢলে পড়লেন মৃত্যুর কোলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বক্তব্যের শেষে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলেই বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল মালেক দ্রুত বসে পড়েন। বসে পড়ার পাঁচ মিনিটের মধ্যেই তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হন এবং সেখানেই মৃত্যুবরণ করেন। পরে সভায় উপস্থিত নেতাকর্মীরা তাঁকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে কর্তব্যরত চিকিৎসকও তাঁকে মৃত ঘোষণা করেন।বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল মালেকের এমন মৃত্যুতে পরিবার, এলাকা ও মুক্তিযোদ্ধাদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। আজ ১ নভেম্বর সোমবার বিকেল ৩টায় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায়  পারিবারিক গোরস্থানে বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল মালেলেক মরদেহ দাফন করা হবে।

বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেকের ছেলে কাদের হাসান জানান, বাবা অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ছিলেন। আজন্ম বঙ্গবন্ধুর ভক্ত ছিলেন। বাংলা এবং বঙ্গবন্ধুর স্লোগান দিতে দিতেই তাঁর মৃত্যু হলো।

ওই পথসভায় উপস্থিত উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক নজরুল ইসলাম নবু বলেন, বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক আওয়ামী লীগের একনিষ্ঠ একজন কর্মী ছিলেন। মৃত্যুর পূর্ব মুহূর্তেও তিনি যে বক্তব্য রেখে গেছেন, তা অবশ্যই আমাদের জন্য অনুসরণীয় অনুকরণীয় হয়ে থাকবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version