Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে দাড়িয়াপুরের কাঁচা মরিচের ঝাঁঝ; প্রতি মণ ১০ হাজার টাকা

 

এম সাইফুল ইসলাম শাফলু,
টাঙ্গাইলের সখীপুরে প্রতি মণ কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১০ থেকে ১২ হাজার টাকায়। এবার
আবহাওয়া অনুকূলে না থাকায় টানা বর্ষণে মরিচ চাষ ভাল না হলেও দাম চড়া থাকায় কৃষকরা লাভবান হচ্ছেন। অন্যদিকে দাম বেশি হওয়ায় বিপাকে পড়েছে ক্রেতারা। অন্যান্য জাতের কাঁচা মরিচ ৮ হাজার টাকা মণ বিক্রি হলে দাড়িয়াপুরের মরিচ বিক্রি হচ্ছে ১০-১২ হাজার টাকা ধরে। বিশেষ করে দেশখ্যাত দাড়িয়াপুরের কাঁচা মরিচের জুড়ি নেই।
সরেজমিন উপজেলার দাড়িয়াপুর, কইয়ামধূ, বেতুয়া, তক্তারচালা, মহানন্দপুর, বাঘেরবাড়ি, তৈলধারা, ইন্দারজানী, গড়বাড়ি, বড়চওনা, কচুয়া, কতুবপুর, ইছাদিঘা, পাথারপুর, কালমেঘাসহ প্রায় অর্ধ শতাধিক গ্রামের কৃষকরা উন্নত জাতের মরিচের চাষ করেছেন।
দাঁড়িয়াপুর গ্রামের হুমায়ন মিয়া বলেন, আমি দুই একর জমিতে কাঁচা মরিচের চাষ করেছি। অতিবৃষ্টিতে বেশ কিছু মরিচ গাছ মরে যাওয়ার পরেও দাম বেশি থাকায় ক্ষতিটা পুষে যাচ্ছে। তিনি আরও বলেন, গত বছর এই সময় মণপ্রতি ১ হাজার ৫’শ টাকা থেতে ২ হাজার টাকায় কাঁচা মরিচ বিক্রি হলেও এবার প্রতি মণ বিক্রি হচ্ছে ১০-১২ হাজার টাকায়।
উপজেলা কৃষি কর্মকর্তা ফায়জুল ইসলাম ভুঁইয়া জানান, চলতি মৌসুমে এ উপজেলায় ৮৪ হেক্টর জমিতে মরিচের চাষ করা হয়েছে। অতিবৃষ্টির কারণে অনেক চাষীদের মরিচ গাছ পঁচে নষ্ট হওয়ায় অন্যান্য বছরের তুলনায় এবার কাঁচা মরিচের দাম অনেক বেশি।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version