নিউজ টাঙ্গাইল ডেস্কঃটাঙ্গাইলের সখীপুরে এক প্রসূতির মৃত্যুর ঘটনায় মডার্ন ডক্টরস হাসপাতালে ভাংচুর চালিয়েছে রোগীর স্বজনরা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টার সময় টাঙ্গাইল সখীপুরের মডার্ন ডক্টরস হাসপাতালে রুনা লায়লা নামে এক প্রসূতি রোগী নিয়ে আসেন স্বজনরা।

দুপুর ২ টার সময় ব্যথা উঠলে ওটিতে অপারেশনের জন্য প্রস্তুত করে ডা. আনোয়ার হোসেন। অপারেশন চলাকালীন সময়ে রোগী মারা যায়। মৃত্যুর খবরে রোগীর স্বজনরা হাসপাতাল ঘেরাও করে ভাংচুর চালায়।

তবে রোগীর স্বজনদের দাবি, এটি একটি হত্যা, অভিযুক্ত ডাক্তারের বিচার চাই। এভাবে যেন আর কোন মানুষ মারা না যায়।

ওটিতে রোগীর মৃত্যুর বিষয়ে মডার্ন ডক্টরস হাসপাতালের মালিক চিকিৎসক আনোয়ার হোসেন বলেন, অপারেশনের সময় হার্ট অ্যাটাক করে রোগীর মৃত্যু হয়েছে।

তবে রোগীর মৃত্যুর বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক শাহিনুর রহমান।

সখীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমীর হোসেন জানান, প্রসূতির মৃত্যু ও হাসপাতালে ভাঙচুরের তথ্য পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে পৌঁছে মৃতের স্বজনদের শান্ত করা হয়। এ সময় উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ছিলেন।

পরে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাসে মৃত নারীর নবজাতককে বাড়িতে নিয়ে যান স্বজনরা। তবে এ ঘটনায় থানায় অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।

সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চিত্রা শিকারী বলেন, প্রসূতির মৃত্যু ও হাসপাতাল ভাঙচুরের সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। নন-মেডিকেল হওয়ায় মৃত্যুর বিষয়টি আমরা নিশ্চিত করে বলতে পারছি না। এ কারণে তদন্ত করে মৃত্যুর রহস্য উৎঘাটন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেয়া হয় মৃতের স্বজনদের। পরে নিহতের পরিবার নবজাতক ও নারীর মরদেহ বাড়িতে নিয়ে যান। এ ঘটনায় স্বজনরা থানায় মামলা করতে চাইলে পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর