নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে প্রার্থীদের সঙ্গে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় তিনি উপজেলার চারটি ইউনিয়নের সকল প্রার্থীদের সঙ্গে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন সংক্রান্ত দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চিত্রা শিকারীর সভাপতিত্বে টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, জেলা নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল হাসান, র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন প্রমুখ বক্তব্য দেন।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত শিকদার, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসুম প্রভা, চার ইউনিয়নের চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য, সাধারণ ইউপি সদস্যসহ দুই শতাধিক নেতা কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।
প্রার্থীদের উদ্দেশ্যে পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, আমি টাঙ্গাইলে নতুন যোগদান করেছি, তাই আসন্ন ইউপি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পরিচালনা করার জন্য সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করবো । কারো জন্যই কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।

