Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন

এম সাইফুল ইসলাম শাফলু: টাঙ্গাইলের সখীপুরে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন ব্যবসায়ীরা। বুধবার দুপুরে ‘সখীপুর-গোপিনপুর’ সড়কের উপজেলার মহান্দনপুর বাজারে বণিক সমিতির আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে ওই বাজারের ব্যবসায়ীসহ প্রায় সহস্রাধিক নারী-পুরুষ অংশ নেয়। এসময় তাঁরা স্থানীয় প্রশাসনের কাছে ওই বণিক সমিতির সদস্য শরিফ ও লুৎফর রহমানের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। মানববন্ধনে বাজার বণিক সমিতির সভাপতি শাহ-আলম মিয়ার সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা শামছুল হক বিএবিএড, প্রধান শিক্ষক কামরুল হাসান, গোলাম মোস্তফা, হেলাল উদ্দিন, আলমগীর হোসেন, ইউপি সদস্য জয়নাল আবেদিন, হাফিজ উদ্দিন,রবিন্দ্র বর্মন প্রমুখ বক্তব্য দেন।

জানা যায়, প্রায় আড়াই মাস আগে কালিয়া ইউনিয়নের বাসার চালা গ্রামে আতিকুল ইসলামের স্ত্রী চায়না আক্তার (২৫) বিষপানে আত্মহত্যা করে। এ ঘটনায় স্বরযন্ত্রমূলক নিহতের স্বামী আতিকুল ওই গ্রামের মৃত উসমান আলীর ছেলে ইমান আলী, লতিফ মিয়ার ছেলে শরিফ এবং খোরশেদ আলমের ছেলে লুৎফর রহমানকে স্ত্রী আত্মহত্যার উসকানিদাতা হিসেবে দায়ী করেন। তিনি ওই মামলায় তাদের বিরুদ্ধে তার স্ত্রীকে কু-প্রস্তাব এবং মিথ্যে চুরির অপবাদ দেওয়ারও অভিযোগ করেন। আর এ অপবাদ সহ্য করতে না পেরে তার স্ত্রী চায়না আক্তার বিষপানে আত্মহত্যা করেন।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, শরিফ ও লুৎফর বাজারের ব্যবসায়ী। তাঁরা অত্যান্ত নম্র ও ভদ্র। একটি ষড়যন্ত্রকারী মহল তাদেরকে জড়িয়ে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে। মূলত তাঁরা ঘটনার সাথে জড়িত নয়। এজন্য মিথ্যা ও সাজানো মামলা থেকে তাদের নাম প্রত্যাহার করার দাবি জানান।

এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একে সাইদুল হক ভূঁইয়া বলেন, মামলাটি টাঙ্গাইল আদালতে করা হয়েছে। এ মামলায় একজনকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত শেষে বলা যাবে কে কে এর সাথে জড়িত। তবে নিদোষ কোন ব্যক্তি এ মামলায় হয়রানির শিকার হবেন না বলেও তিনি জানান।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version