Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে লুপাস(SLE) ও লুপাস নেফ্রাইটিসে আক্রান্ত হয়ে ১০ বছরের স্কুলশিক্ষার্থী সাদিয়ার মৃত্যু

News Tangail

লুপাস(SLE) ও লুপাস নেফ্রাইটিসে আক্রান্ত হয়ে ১০ বছরের স্কুলশিক্ষার্থী সাদিয়ার মৃত্যু

লুপাস (SLE) ও লুপাস নেফ্রাইটিসে আক্রান্ত হয়ে ১০ বছরের স্কুলশিক্ষার্থী সাদিয়া মারা গেছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত ৩টার দিকে ঢাকার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সাদিয়া টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসারচালা গ্রামের বাসিন্দা। সে মহানন্দপুর সরকারি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জটিল রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিল সাদিয়া। মেয়ের অসুস্থতার খবর পেয়ে বিদেশ থেকে দেশে ফিরে আসেন তার বাবা বাদশা মিয়া। মেয়েকে সুস্থ করে তুলতে নিজের জমানো অর্থসহ পরিবারের সাধ্যমতো সবকিছু চিকিৎসার পেছনে ব্যয় করেন তিনি। পরিবারের দাবি, এ পর্যন্ত সাদিয়ার চিকিৎসায় প্রায় সাড়ে চার লাখ টাকা খরচ হয়েছে।

তবে অর্থের সংকটে একপর্যায়ে তার চিকিৎসা ব্যাহত হয়। অসুস্থতার কারণে সাদিয়ার শারীরিক অবস্থাও ক্রমে দুর্বল হয়ে পড়ে। পরিবারের সদস্যদের ভাষ্য, একসময় সে ঠিকমতো চোখ তুলে তাকাতেও পারছিল না।

অর্থসংকটের মধ্যেও মেয়ের চিকিৎসা চালিয়ে যেতে পরিবার ধারদেনা করে বুধবার সকালে অ্যাম্বুলেন্সে করে সাদিয়াকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।

সাদিয়ার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। ছোট্ট মেয়েকে হারিয়ে মা লাইলী আক্তারসহ স্বজনরা শোকে বাকরুদ্ধ।

মাত্র ১০ বছর বয়সে সাদিয়ার এই মৃত্যু পরিবার ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি করেছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version