Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে স্বামীর হাতে ভাত খেয়ে স্ত্রী হাসপাতালে; স্বামী আটক

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের সখীপুরে স্ত্রীকে ভাতের সঙ্গে বিষ জাতীয় দ্রব্য খাওয়ানাের অভিযােগে হাফিজুর রহমান (৩০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

গতকাল রােববার ঘাটাইলের কামালপুর থেকে তাকে আটক করা হয়। গত শনিবার রাতে শ্বশুর আবেদ আলী সখীপুর থানায় মেয়ের জামাতা হাফিজুরকে আসামি করে একটি অভিযােগ দায়ের করেন। তবে হাফিজুরের দাবি, তিনি বিষ খাওয়াননি, স্ত্রীকে বশে আনতে ভাতের সঙ্গে কবিরাজি ওষুধ খাইয়েছেন।

সখীপুর থানা-হাজতে বসে হাফিজুরের ভাষ্য, চার বছর আগে তিনি বিয়ে করেন। তাঁদের দুই বছরের একটি মেয়ে আছে। বছরখানেক ধরে স্ত্রী তার কথা শুনছেন না। প্রায়ই ঝগড়া-বিবাদ করে বাপের বাড়ি চলে যান। এলাকার এক কবিরাজের কাছ থেকে স্ত্রীকে বাধ্যকরণের ওষুধ নিয়ে শনিবার উপজেলার খুনকারচালা গ্রামে শ্বশুরবাড়িতে যান তিনি।

দুপুরে খাওয়ার সময় স্ত্রীর হাতে-পায়ে ধরে তাকে নিজ হাতে ভাত খাওয়ানাের বায়না ধরেন। এতে রাজি হলে তিনি ভাতের সঙ্গে ওই ওষুধ খাইয়ে দেন। এটা খাওয়ার পর থেকেই তার স্ত্রী বমি করতে করতে অচেতন হয়ে যান। তিনি আসলেই তাঁর স্ত্রীকে বেশি ভালােবাসেন। তার খাবারের সঙ্গে বিষ মেশানাের অভিযােগ সত্য নয়।

শ্বশুর আবেদ আলী মেয়ের জামাতার এসব কথা মিথ্যা ও নাটক দাবি করে বলেন, খাবারের সঙ্গে বিষজাতীয় দ্রব্য মেশানাের কারণে তাঁর মেয়ে বমি করে অচেতন হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাঁকে সখীপুর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। এর মধ্যে হাফিজুর পালিয়ে যান।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version