এম সাইফুল ইসলাম শাফলু : টাঙ্গাইলের সখীপুর বনের জমি দখলের প্রতিবাদ করতে গিয়ে দখলকারীর হামলায় গত দেড় মাস ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আবুল হোসেন (৬০) নামের এক বৃদ্ধ কৃষক। তার স্ত্রী ও ছেলে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরলেও ভাঙ্গা হাত , কোমড়ে শাবলের ঘায়ের ক্ষত, মাথায় দায়ের কোপ, হাটুতে ও পায়ে রড দিয়ে পিটানোর ক্ষত নিয়ে মরণ যন্ত্রনায় কাতরাচ্ছেন তিনি।
এ ঘটনায় স্ত্রী কল্পনা বেগম বাদী হয়ে সখীপুর থানায় মামলা করলেও আসামীরা এখনও গ্রেফতার হয়নি। আসামীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তু মুলক শাস্তি দাবী করছেন আবুল হোসেনের পরিবার ও এলাকাবাসী।
জানা যায়, গত ১৭ মার্চ উপজেলার নলুয়া বিটের আওতাধীন বোয়ালী পশ্চিমপাড়া গ্রামের বৃদ্ধ কৃষক আবুল হোসেনের সামাজিক বনের প্লটে জোড় পূর্বক বনের জমি দখল করে বসতবাড়ি নির্মান করেছেন মো. ফরিদ আহমেদ। ফরিদ পূণরায় ওই বৃদ্ধের প্লটের আরো জমি দখলের চেষ্টা চালায়।
এ সময় প্রতিবাদ করতে গেলে দখলদার ফরিদ তার স্ত্রী জয়নব এবং ছেলে জাহাঙ্গীর আলম লোহার রড, শাবল ও দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে বৃদ্ধ কৃষক আবুল হোসেনকে। তাকে বাঁচাতে গিয়ে আহত হয় তার স্ত্রী কল্পনা বেগম, ছেলে কালাম মিয়া । আশঙ্কাজনক অবস্থায় বৃদ্ধ আবুল হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়। সেখানে কিছুদিন চিকিৎসা করা হলেও অর্থের অভাবে বাড়িতে নিয়ে আসেন তাকে। গত দেড় মাস ধরে অসহায় ওই বৃদ্ধ কৃষক মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন ।
বনের জমিতে ঘর উঠানো বিষয়ে জানতে চাইলে নলুয়া বিট কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, বনের জমি দখলের ঘটনায় ফরিদের বিরুদ্ধে উচ্ছেদ মামলা করা হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য মো. পিন্টু মিয়া বলেন- ঘটনাটি অত্যান্ত দুঃখজনক। হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তিনি।
মামলার বাদী বৃদ্ধের স্ত্রী কল্পনা বেগম বলেন-আমার স্বামীকে যারা মেরে ফেলতে চেয়েছিল তাদের শাস্তি চাই।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ওমর ফারুখ বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। দুই আসামী আদালত থেকে জামিনে আছেন। মামলার প্রধান আসামি ফরিদকে গ্রেফতারের চেষ্টা চলছে।
