নিউজ টাঙ্গাইল ডেস্ক: মােসলিমা খাতুনকে আহ্বায়ক, রােকেয়া খানম ও মাের্শেদা আক্তারকে যুগ্ম আহ্বায়ক করে ১৯৯৬ সালে টাঙ্গাইলের সখীপুরে প্রথম উপজেলা মহিলা আওয়ামী লীগের যাত্রা শুরু হয়। এভাবেই চলে ১৪ বছর। ২০১০ সালে সখীপুর আবাসিক মহিলা কলেজের সমাজকর্ম বিভাগের প্রধান বিলকিছ লতাকে আহ্বায়ক এবং কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক লাইলী আক্তার ও আগের কমিটির মাের্শেদা আক্তারকে যুগ্ম আহ্বায়ক করে গঠিত কমিটিরও ১০ বছর পূর্ণ হতে চলেছে। এ অবস্থায় স্থানীয় সাংসদ জোয়াহেরুল ইসলাম ২০২০ সালের জানুয়ারিতে উপজেলা মহিলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠানের ঘােষণা দেওয়ায় দলের নারী কর্মীরা সক্রিয় হয়ে উঠেছেন। সভাপতি ও সাধারণ সম্পাদক পদের সম্ভাব্য প্রার্থীরা ইতিমধ্যে জেলা ও উপজেলার নেতা-কর্মীদের পেছনে দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন।
উপজেলা আওয়ামী লীগের কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান জাহানারা আক্তার মাস দুই আগে নিজেকে স্বঘােষিত সভাপতি এবং পৌরসভার সংরক্ষিত ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আরজিনা আক্তারকে সাধারণ সম্পাদক করে একটি কমিটি অনুমােদনের জন্য স্থানীয় সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলামের কাছে জমা দেন। তিনি এ কমিটি গ্রহণ না করে ২০২০ সালের জানুয়ারিতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সম্মেলনের মাধ্যমে উপজেলা মহিলা আওয়ামী লীগের কমিটি করার জন্য ঘােষণা দেন। এরপর থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক পদের সম্ভাব্য প্রার্থীরা সক্রিয় হতে শুরু করেন। স্থানীয় সাংসদ যে অনুষ্ঠানেই যাচ্ছেন, সেখানেই সম্ভাব্য প্রার্থীরা তাঁদের অনুসারী নারী কর্মীদের নিয়ে যােগ দিচ্ছেন। এ ছাড়াও উপজেলা আওয়ামী লীগের কার্যালয়েও দিনে- রাতে তাদের সক্রিয় উপস্থিতি লক্ষ করা যাচ্ছে।
উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পদে সখীপুর আবাসিক মহিলা কলেজের বাংলা বিভাগের সাবেক প্রধান মােসলিমা খাতুন ছাড়াও উপজেলা পরিষদের বর্তমান নারী ভাইস চেয়ারম্যান জাহানারা আক্তারের নাম শােনা যাচ্ছে। এ ছাড়া সাধারণ সম্পাদক পদে উপজেলা পরিষদের সাবেক নারী ভাইস চেয়ারম্যান তাহমিনা পারভীন, ফুল ব্যবসায়ী রওশনারা রিতা, পৌরসভার সংরক্ষিত ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আরজিনা আক্তার, কালীদাস গ্রামের কানিজ ফাতেমা ইতিমধ্যে জেলা-উপজেলার নেতাদের পেছনে দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন। ১৯৯৬ সালে ঘােষিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক মােসলিমা খাতুন নিজেকে সভাপতি প্রার্থী দাবি করে বলেন, দু-এক দিনের মধ্যে স্থানীয় সাংসদের সঙ্গে বৈঠক করে সম্মেলনের তারিখ নির্ধারণ করা হবে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শওকত শিকদার বলেন, সম্মেলন ঘিরে উপজেলা মহিলা আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীদের ব্যাপক সক্রিয়তা লক্ষ করা যাচ্ছে। তাঁরা দিন-রাত এলাকার নানা অনুষ্ঠান, বাউল গানের আসরে গিয়েও দোয়া চাইছেন। জেলার নারীনেত্রীদের সঙ্গে যােগাযােগ রক্ষা করে চলেছেন।
সম্মেলন বিষয়ে টাঙ্গাইল জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিনু আনােহলী বলেন, দুই দিন আগে তিনি সখীপুরে সাংগঠনিক সফরে গিয়েছিলেন। সেখানে সম্মেলন ঘিরে মহিলা নেতা- কর্মীরা বেশ উজ্জীবিত। স্থানীয় সাংসদ, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে কথা বলে শিগগিরই সখীপুর উপজেলা সম্মেলনের তারিখ ঘােষণা করা হবে।

