Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সবজি নিয়ে মানুষের পাশে ঘাটাইল ডট কম

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের ঘাটাইলে সংবাদ মাধ্যম ঘাটাইল ডট কম ফাউন্ডেশনের উদ্যোগে মানুষের মাঝে বিভিন্ন ধরণের সবজি বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৭ মে) সকালে ঘাটাইল বাসস্ট্যান্ড চত্বরে সবজি বিতরণের উদ্বোধন করেন পৌর মেয়র শহিদুজ্জামান খান শহীদ।

করোনাভাইরাসের কারণে চলমান লকডাউন পরিস্থিতিতে উপজেলার সবজি চাষিরা তাদের উৎপাদিত সবজি নিয়ে শুরু থেকেই রয়েছেন বেকায়দায়। অন্যদিকে নিম্ন আয়ের মানুষগুলো সরকারি এবং ব্যক্তি পর্যায় ত্রাণ হিসেবে চাল, ডাল পেলেও সবজির পুষ্টি চাহিদা পূরণ করতে পারছিলেন না। তাই ব্যাতিক্রমি সবজি বিতরণের উদ্যোগ গ্রহণ করে ঘাটাইল ডটকম ফাউন্ডেশন।

বিতরণের জন্য চার ধরণের সবজির সমন্বয়ে ৫ কেজি করে প্যাকেট করা হয়। ওইগুলো নিম্ন আয়ের ২০০ জন মানুষের মাঝে বিতরণ করা হয়। সব মিলিয়ে ২০ মণ সবজি বিতরণ করা হয়। এর মধ্যে বেগুন- ৫ মণ, চিচিঙ্গা- ৫ মণ, করোলা- ৫ মণ, শসা- ৫ মণ এবং ৬০০ পিস লেবু।

এর আগে ফাউন্ডেশনের সদস্যরা উপজেলার সবজির এলাকা হিসেবে পরিচিত গারোবাজারে গিয়ে প্রান্তিক পর্যায়ে বিভিন্ন কৃষকের কছে থেকে সবজি কিনে নিয়ে আসেন।

সবজি বিতরণের উদ্বোধন করে পৌর মেয়র বলেন, এই মানবিক খাদ্য সহায়তা করার মাধ্যমে বুঝা গেল ঘাটাইল ডট কম শুধুমাত্র সংবাদ পরিবেশন নিয়েই ব্যাস্ত নয়। আমাদের সকলেরই উচিৎ এই ধরণের সহযোগিতায় এগিয়ে আসা। এছাড়া তাদের প্রান্তিক কৃষকদের থেকে সংগৃহীত কৃষিপণ্য বিতরণের বিষয়টি ভালো লেগেছে।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঘাটাইল ডট কম সংবাদ মাধ্যমটির প্রকাশক এস এম ইমরুল কায়েস রাজীব, সম্পাদক সারোয়ার জাহান কলি, বার্তা প্রধান মাসুম মিয়া, ঘাটাইল ডটকম ফাউন্ডেশনের সদস্য মোঃ হাবিবুর রহমান, মোঃ মনোয়ারুল ইসলাম প্রমুখ।

খাদ্য সহায়তা বিতরণ কাজে সার্বিক সহযোগিতা করেন উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন হৃদয়ের ঘাটাইল এর সদস্য বৃন্দ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version