সড়ক দুর্ঘটনায় প্রায় এক বছর ধরে সৌদির আরবের একটি হাসপাতালে কোমায় আছেন সখীপুর উপজেলার বড়চওনার চাম্বলতলা গ্রামের ইব্রাহীম খান বাবু (৩৩)। তিনি কথা বলতে পারেন না, সাড়াও দিতে পারেন না। দেশে তার স্ত্রী নাসিমা আক্তার ও তিন ছোট্ট মেয়ে বাবার ফেরার অপেক্ষায় দিন গুনছে।
ভিডিও কলে বাবাকে দেখলেই ১০ বছরের ইভা, ৬ বছরের ফাতেমা ও ২ বছরের মানহা বাবাকে ডাকে আর হাউমাউ করে কাঁদে । কথা বলতে চায়, কিন্তু বাবার কাছ থেকে কোনো উত্তর আসে না। বাবাকে ডাকতে ডাকতে একসময় কান্নায় ভেঙে পড়ে মেয়েরা। তাদের কান্না দেখে অঝোরে কাঁদেন মা নাসিমাও।
জানা যায়, ২০২৫ সালের ১১ সেপ্টেম্বর সৌদি আরবে রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন ইব্রাহীম। দুই বছর আগে পরিবারের অভাব ঘোচানোর আশায় ধারদেনা করে সৌদি আরবে গিয়েছিলেন তিনি। এখনো পরিবারের প্রায় ১২ লাখ টাকা ঋণ রয়েছে বলে জানিয়েছে স্বজনরা।
স্বামী হাসপাতালে থাকায় বাড়ির পাশে পোল্ট্রি খামারে কাজ করে তিন সন্তানকে নিয়ে সংসার চালাচ্ছেন স্ত্রী নাসিমা।
নাসিমা বলেন, “মেয়েগুলো বাবাকে খুব মায়া করে। ভিডিও কলে বাবাকে ডাকে, কিন্তু বাবা কোনো সাড়া দেয় না। ওদের কান্না দেখে আমিও কাঁদি। এক বছর ধরে স্বামীর মুখে একটা কথাও শুনতে পারি না।”
স্থানীয় ইউপি সদস্য মুজিবর রহমান খান বলেন, “ইব্রাহীমের অবস্থা খুবই খারাপ। পরিবারটিও অসহায়। তাকে দেশে ফিরিয়ে এনে চিকিৎসার ব্যবস্থা করা প্রয়োজন।”
ইব্রাহীমকে দ্রুত দেশে ফিরিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা এবং অসহায় পরিবারটির পাশে দাঁড়াতে সরকার ও বিত্তবানদের সহযোগিতা চেয়েছে পরিবার।
সহযোগিতা করতে:
বিকাশ: 01726-198221
(নাসিমা আক্তার)

