Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সেবা নিতে এসে কেউ যেন হয়রানির শিকার না হয়….মির্জাপুরে আইজিপি

নিজস্ব প্রতিনিধি: পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, পুলিশ সকল মানুষের বন্ধু হতে চাই। আমাদের পূর্বসূরীরা যুদ্ধ করেছেন পাক হানাদারদের বিরুদ্ধে, আর আমরা যুদ্ধ করছি মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে।

মাদক শুধু একজন ব্যক্তি, একটি পরিবারকে ধ্বংস করছে না। পুরো সমাজকে ধ্বংস করছে। এই যুদ্ধে আমাদের অবশ্যই জয়ী হতে হবে। এক্ষেত্রে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ সমাজের সর্বস্তরের সচেতন মানুষকে এগিয়ে আসতে হবে। মানুষ পুলিশের কাছে বিপদে পড়ে থানায় আসে। নিরাপরাধ কোনো মানুষ যাতে পুলিশের কাছে এসে হয়রানির শিকার না হয় সেদিকে সতর্ক থাকতে পুলিশ সদস্যদের প্রতি আহবান জানান।
শুক্রবার সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুর ভারতেশ্বরী হোমসের প্রিন্সিপাল প্রতিভা মুৎসুদ্দি হলে কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে তাকে দেওয়া সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
এ সময় অন্যদের মধ্যে বক্তৃতা করেন, কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট অব বেঙ্গলের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা, পরিচালক প্রতিভা মুৎসুদ্দি, ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মিজানুল হক, লেখিকা হেনা সুলতানা প্রমুখ বক্তৃতা করেন।
এ সময় ভারতেশ্বরী হোমসের অধ্যক্ষ আনোয়ারুল হক, কুমুদিনী উইমেন্স মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. আব্দুল হালিম, ডিআইজি আবু কালাম সিদ্দিক, টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় প্রমুখ উপস্থিত ছিলেন।
আইজিপি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীন দেশ দিয়েছেন। বাংলাদেশ আমাদের অহংকার। দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান সার্টিফিকেট বিতরণ করেন। ভারতেশ্বরী হোমস একজন মানুষ তৈরি করেন। এই প্রতিষ্ঠানের শেখার চমৎকার পরিবেশ দেখে প্রতিষ্ঠানটির প্রেমে পড়েছি। দানবীর রণদা প্রসাদ সাহার এই প্রতিষ্ঠান আমাদের গর্বের প্রতিষ্ঠান। কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট দেশের মানুষকে নীরবে নিবৃত্তে সেবা করে আসছে। আগে জানতাম না আজ দেখে জেনে গেলাম।
আইজিপি ছাত্রীদের উদ্দেশে বলেন, ভারতেশ্বরী হোমেসের শিক্ষার্থীরা ভবিষ্যৎ বাংলাদেশ প্রতিষ্ঠা করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০২১ ও ২০৪১ বাস্তবায়নে কাজ করবে।
 শুক্রবার বিকেল সাড়ে ৪টায় আইজিপি জাবেদ পাটোয়ারী কুমুদিনী কমপ্লেক্সে পৌঁছালে সেখানে কুমুদিনী নাসিং স্কুল এন্ড কলেজ ও মেডিক্যাল কলেজের ছাত্রীরা তাকে ফুলের শুভেচ্ছা জানান। পরে কুমুদিনী লাইব্রেরিতে চা চক্র শেষে তিনি কুমুদিনী হাসপাতাল ও ভারতেশ্বরী হোমস পরিদর্শন করেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version