বুধবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসৌদি আরবে অগ্নিকান্ডে নিহত ; নজরুলের পরিবারের স্বপ্ন পোড়ে ছাই

সৌদি আরবে অগ্নিকান্ডে নিহত ; নজরুলের পরিবারের স্বপ্ন পোড়ে ছাই

 

ইসমাইল হোসেন,
সৌদি আরবের জেদ্দায় ‘আল সমিজ সুভার’ নামের একটি দোকানে অগ্নিকান্ডে নিহত বাংলাদেশী নজরুল ইসলামের পরিবারে এখন শুধুই আহাজারি। জীবন-জীবিকার তাগিদে সংসারের অভাব দূর করতে সৌদি আরব পাড়ি জমায় নজরুল। নানা টানাপোড়নে থাকার পরও পিতা-মাতাসহ পরিবারের সদস্যদের নিয়ে কোনো মতে দিনাতিপাত করছে তার পরিবার।
নজরুল ইসলাম টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের চকচকিয়া হাসনগঞ্জ গ্রামের আ. মালেক মিয়ার ছেলে।
নিহতের পরিবার জানায়, প্রতিদিনের মতোই গত ১০ সেপ্টেম্বর সৌদি আরবের ‘আল সমিজ সুভার’ দোকানে নজরুল কাজ করতে যায়। হঠাৎ ওই দোকানে বিদ্যুতের লাইন থেকে আগুন লেগে নজরুলের শরীরের ৯০ শতাংশ পুড়ে যায়। পরে দীর্ঘ ৭ দিন সৌদি আরবের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থেকে রোববার সন্ধ্যায় নজরুল মারা যায় ।
পারিবারিক সূত্রে জানা যায়, ৬ বছর আগে উন্নতজীবনের আশায় বিদেশে পাড়ি জমায় নজরুল ইসলাম। গত দেড়বছর আগে ছুটিতে এসে তিনি বিয়ে করেন। তার স্ত্রী নাম হ্যাপি আক্তার।
নজরুলের স্ত্রী হ্যাপি আক্তার জানান, তাঁর (নজরুলের) স্বপ্নছিল প্রবাস থেকে ফিরে এসে ব্যবসা করে পরিবারের সকলকে নিয়ে সুখের সংসার করবে। কিন্তু সেই স্বপ্ন আগুনে পোড়ে ছাই হয়ে গেল।
নজরুলের বাবা মালেক মিয়া কান্না জড়িত কন্ঠে বলেন, সর্বনাশা আগুন আমার সাজানো সংসার পোড়ে ছাই করে দিল।
এ বিষয়ে টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য ও উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া বাদল বলেন, নজরুল এলাকায় ভালো ছেলেদের মধ্যে একজন। তার পরিবারের পক্ষ থেকে লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সরকারের প্রতি দাবী জানাচ্ছি।
এ বিষয়ে সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসূমী সরকার রাখী বলেন, এ ব্যাপারে এখনও সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। তথ্য পেলে টাঙ্গাইল জেলা প্রশাসকের মাধ্যমে মরদেহ আনাসহ সব ধরণের সহযোগীতা দেওয়া হবে।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular