Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

হালদা নদীতে নৃশংস হত্যার শিকার ডলফিন

মো. আবু শাহেদ, চট্টগ্রাম প্রতিনিধি: হালদা নদীতে একটি ডলফিনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৮ই মে) সকালে চট্টগ্রামের হালদা নদীর পাড়ে ডলফিনটির ক্ষতবিক্ষত দেহ পড়ে থাকতে দেখা যায়।

তবে কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত সে বিষয়ে কিছু জানা যায়নি। ডলফিনেরে নিরাপদ বিচরণ ক্ষেত্র হিসেবে পরিচিত হালদা নদীতে একের পর এক ডলফিনের মৃত্যুকে আশনি সংকেত হিসেবে দেখছেন পরিবেশবাদীরা।

সূত্রমতে, এটি নিয়ে এ পর্যন্ত ২৪টি ডলফিনের মৃত্যু হলো। ৫ ফুট ২ ইঞ্চি দৈর্ঘ্যর এবং ৫২ কেজি ওজনের ডলফিনটিকে মাথা বরাবর আড়াআড়িভাবে এবং ঘাড় থেকে লেজ পর্যন্ত দৈর্ঘ্য বরাবর কাটা হয়েছে। হত্যাকাণ্ডের চিহ্ন বিগত সময়ের মৃত ডলফিনগুলোর চেয়ে নতুন।

আইডিএফ-এর কর্মী মিমু দাস এবং স্বেচ্ছাসেবক রওশনগীর ঘটনাস্থল থেকে মৃত ডলফিনটি উদ্ধার করে গড়দুয়ারা এলাকায় আইডিএফ অফিসে নিয়ে আসেন প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর সেটি মাটি চাপা দেয়া হয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও হালদা নদী রক্ষা কমিটির সভাপতি ড. মনজুরুল কিবরিয়া বলেন, আমরা ধারণা করছি কোনো জেলের অবৈধ জালে আটকা পড়লে ডলফিনটিকে ডাঙ্গায় তোলা হয় এবং কেটে চর্বি নেয়ার চেষ্টা করা হয়েছে।

ঘটনাটি হালদা নদীর ডলফিন সংরক্ষণের জন্য অশনি সংকেত বলে মনে করছি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version