বিনোদন ডেস্কঃ-দেশের ৫৩টি সিনেমা হলে আজ মুক্তি পেয়েছে ‘তালাশ’ নামের একটি ছবি। সাইকো থ্রিলার গল্পের এই ছবিতে রকস্টারের ভূমিকায় অভিনয় করেছেন আদর আজাদ। এই ছবির মাধ্যমে ঢালিউডে দেব্যু হলো তার। প্রথম ছবিতেই নায়িকা হিসেবে পেয়েছেন ঢাকাই ছবির বর্তমানের জনপ্রিয় নায়িকা বুবলীকে।
মজার বিষয় হচ্ছে শোবিজে আসার আগে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলের রিসেপশন বিভাগে কাজ করতেন তিনি। কিন্তু ভাগ্য তাকে আজ ঢাকাই ছবির নায়ক হিসেবে পরিচিতি দিয়েছে।
২০১৪ সালে চ্যানেল আইয়ের ‘ইমামি ফেয়ার হ্যান্ডসাম’ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন আদর। সেই প্রতিযোগিতা তার ভাগ্য বদলে যায়। রাতারাতি পরিচিতি পান। চাকরী ছেড়ে মিডিয়াতে নিয়মিত হন। বিজ্ঞাপন ও নাটকে কাজ করতে থাকেন।
আদর লেখাপড়া করেছেন হোটেল ম্যানেজমেন্টে। সেখান থেকে ইন্টার্নের জন্য দেশের অভিজাত হোটেল ওয়েস্টিনের রিসেপশনে যোগ দিয়েছিলেন বলে জানান। চারমাস চাকরী করে সেখানে স্থায়ীও হন। তবে ললাটে লেখা তার নায়ক হবেন তিনি কি আর হোটেলে থাকবেন! থাকেওনি।
আদর জানালেন ছোট থেকেই কালচারাল মাইন্ডের ছিলেন তিনি। তাই সবসময় শোবিজে কাজের সুযোগ খুজেছেন। আদারের ভাষ্য, নব্বই দশকে যখন বিটিভিতে বিকেলে সিনেমা দেখতাম তখন পর্দার নায়ককে দেখে নিজের মতো কল্পনা করতাম। তখন থেকে ফিল্মে দুর্বলতা আসে। তাছাড়া আমি ছোট করে স্টেজে গান বা বিভিন্ন অনুষ্ঠানে জড়িত ছিলাম। সেই ছোট ছোট স্বপ্নগুলো আজ সত্যি হলো।
২০১৮ সালের দিকে নাটক আর বিজ্ঞাপনে কাজ করতেন। সে বছরই নাটকে কাজ ছেড়ে দেন। স্থির করেন রূপালি পর্দার নায়ক হবেন। হলেনও। আজ থেকে নামের আগে চিত্রনায়ক যোগ হবে তার।
ইতোমধ্যে আরও কয়েকটি সিনেমায় কাজ করেছেন আদর। তার মধ্যে রয়েছে সাইফ চন্দনের লোকাল, মোস্তাফিজুর রহমান মানিকের যাও পাখি বলো তারে, আলোক হাসানের নাকফুল। ছবিগুলোতে নায়িকা হিসেবে বুবলী পূজা চেরি ও মাহিয়া মাহিকে পেয়েছেন তিনি।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
