Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

১৪ দফা দাবিতে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ মানববন্ধন

বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক ফেডারেশনের উদ্যোগে ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম মাসুদের সভাপতিত্বে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচিতে একতা গার্মেন্ট শ্রমিক ফেডারেশনের সভাপতি কফিল উদ্দিন, শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সহসভাপতি আকাশ আহমেদ, বাংলাদেশ গার্মেন্ট ফেডারেশন গাজীপুর জেলা কমিটির সভাপতি শহিদুল ইসলামসহ অন্যরা বক্তব্য রাখেন।

বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম বলেন, বেআইনিভাবে শ্রমিকদের ছাঁটাই বন্ধ করতে হবে, ছাঁটাইকৃত শ্রমিকদের চাকরিতে পুনর্বহাল করা, বকেয়া মজুরি পরিশোধ করা, শ্রমিকদের বেতন ও ঈদ বোনাস পরিশোধ, শ্রমিক কর্মচারীদের ওপর হামলা, মিথ্যা মামলা ও নির্যাতন বন্ধসহ ১৪ দফা দাবিতে শ্রমিক ফেডারেশনের এই বিক্ষোভ ও মানববন্ধনের ডাক দেয়া হয়েছে। তারা দ্রুত তাদের এসব দাবি বাস্তবায়নের অনুরোধ জানিয়েছেন।

গাছা থানার ওসি মো: ইসমাইল হোসেন জানান, ছাঁটাইবন্ধসহ বেশ কিছু দাবিতে কয়েক শত শ্রমিক গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বোর্ডবাজার এলাকায় মানববন্ধন করেছে। তবে এতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণ পরিবেশে শ্রমিকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version