Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

আরও ৫ জেলার রেড জোন এলাকায় সাধারণ ছুটি

করোনাভাইরাসের সংক্রমণ বিবেচনায় দেশের আরও ৫ জেলার ১১টি এলাকাকে উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা বা ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত করে সেখানে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এই ৫টি জেলা হলো-ফরিদপুর, মানিকগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী ও কুষ্টিয়া।

জনপ্রশাসন মন্ত্রণালয় আজ সোমবার (২২ জুন) এই ৫ জেলার ১১টি রেড জোন অঞ্চলে এই ছুটির আদেশ জারি করেছে। যা ২৩ জুন মঙ্গলবার থেকে কার্যকর হবে।

ভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণের জন্য স্থানীয় প্রশাসন লাল অঞ্চলে জীবনযাত্রা ‘কঠোরভাবে নিয়ন্ত্রণ’ করতে পারবে। অফিস-কারখানা বন্ধ থাকবে, যানবাহন ও সাধারণের চলাচলে থাকবে কড়াকড়ি।

এর আগে দেশের ১০ জেলার ২৭ অঞ্চলকে রেড জোন হিসেবে ঘোষণা করায় রোববার মধ্যরাতে সেখানে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। ওই ১০ জেলা হলো-চট্টগ্রাম, বগুড়া, চুয়াডাঙ্গা, মৌলভীবাজার, নারায়ণগঞ্জ, হবিগঞ্জ, মুন্সীগঞ্জ, কুমিল্লা, যশোর, মাদারীপুর। এ নিয়ে দুই দফায় ১৫ জেলার ৩৮টি অঞ্চলকে ভাইরাস বিস্তারের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ বা ‘রেড জোন’ ঘোষণা করে সাধারণ ছুটি ঘোষণা করা হল।

আদেশে বলা হয়েছে, রেড জোন ঘোষিত এলাকায় বসবাসরত সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বয়ত্তশাসিত, সংবিধবদ্ধ ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে এ ছুটি প্রযোজ্য হবে।

জরুরি পরিষেবা এ ছুটির আওতা বহির্ভূত থাকবে। কোন কোন ‘রেড জোনে’ কতদিন সাধারণ ছুটি থাকবে, আদেশে তা নির্ধারণ করে দেয়া হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version