Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

ঈদে কি দেশে ফিরবেন শাকিব খান

ছবি- ইন্টারনেট।

 

অনলাইন থেকে, বিনোদন: এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে রয়েছেন দেশসেরা নায়ক শাকিব খান। গত বছরের ১২ নভেম্বর তিনি জো বাইডেনদের দেশে গিয়েছিলেন ঢালিউডের একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দিতে। সেখানে কিং খানকে বিশেষ ভাবে সম্মানিত করা হয়। সেই অনুষ্ঠান শেষ হলেও পরে আর দেশে ফেরেননি শাকিব খান। তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব চেয়ে আবেদন করেছেন। সেটি পেতে তাকে ওই দেশেই থাকতে হচ্ছে।

সামনে ঈদ। একমাত্র সন্তান আব্রাম খান জয়কে নিয়ে তার সাবেক স্ত্রী অপু বিশ্বাস দেশে ফেরার পর প্রতিটি ঈদই ছেলের সঙ্গে কাটিয়েছেন শাকিব খান। এছাড়া ঈদ উৎসবে মুক্তি পাচ্ছে তার অভিনীত দুটি ছবি। একটি ‘বিদ্রোহী’, অন্যটি ‘গলুই’। প্রথমটিতে নায়িকা শবনম বুবলী এবং দ্বিতীয়টিতে পূজা চেরি। দুটি ছবি পুরোপুরি ভিন্ন ঘরানার। এ দুটি ছবির প্রচারে এবং ছেলে জয়ের সঙ্গে ঈদ করতে শাকিব কি দেশে ফিরবেন?

অভিনেতার এক ঘনিষ্ঠ সূত্র মারফত খবর, এবারের ঈদও ছেলের কাটাবেন শাকিব খান। সেই লক্ষ্যে আগামী ২৫ এপ্রিল তিনি দেশে ফিরবেন। ছবির প্রচারও চালাবেন। এছাড়া তার আরও কিছু কাজ আছে। সামনেই প্রযোজক সমিতির নির্বাচন, সেখানে ভোট দেবেন শাকিব খান। কিছুদিন থেকে সব কাজ সমাধা হলে আবার মার্কিন মুলুকে উড়ে যাবেন শাকিব খান। সেখানে শুরু করবেন ‘রাজকুমার’ নামে নতুন একটি ছবির কাজ।

সম্প্রতি শাকিব খানের ৪৩তম জন্মদিনে এই ছবিটির ঘোষণা দেন বাংলাদেশি সুপারস্টার। একই দিন যুক্তরাষ্ট্রে মহা ধুমধামে ছবিটির মহরতও অনুষ্ঠিত হয়। ‘রাজকুমার’-এ অভিনয়ের পাশাপাশি এটির প্রযোজনাও করবে শাকিব খানের এসকে ফিল্মস। সহ-প্রযোজক হিসেবে আছেন জাকারিয়া মাসুদ ও কাজী রিটন। ছবিটি পরিচালনা করবেন হিমেল আশরাফ। এখানে শাকিব খানের বিপরীতে নায়িকা যুক্তরাষ্ট্রের মডেল কোর্টনি কফি।

শোনা যাচ্ছে, এখন থেকে স্থায়ী ভাবে যুক্তরাষ্ট্রেই থাকবেন শাকিব খান। দেশে আসবেন মাঝেমধ্যে, যখন ছবির কাজ পড়বে। এখন থেকে তিনি তার অধিকাংশ ছবির কাজ যুক্তরাষ্ট্রেই সারবেন বলে গুঞ্জন। এও গুঞ্জন, একমাত্র ছেলে আব্রাম খান জয়ের নাগরিকত্বের জন্যও তিনি আবেদন করেছেন যুক্তরাষ্ট্র সরকারের কাছে। যদিও এ খবরের কোনো সত্যতা এখনো পাওয়া যায়নি। কারণ, বিষয়টি নিয়ে শাকিব কোনো মন্তব্য করেননি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version