Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

উচ্চশব্দে গান-বাজনা করলেই ৭৫ হাজার টাকা জরিমানা!

লক্ষ্মীপুরের কমলনগরে উচ্চশব্দে গান-বাজনায় সতর্কতা জারি করেছেন চরকাদিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা খালেদ সাইফুল্লাহ। বিয়েসহ বিভিন্ন অনুষ্ঠানে উচ্চশব্দে গান-বাজনা করলেই ৭৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হবে।

এদিকে চেয়ারম্যানের সতর্কবার্তাগুলো হাফেজ মনিরুল ইসলাম নামে এক ব্যক্তি নির্দেশনা রূপে ফেসবুকে প্রচার করছেন।

চেয়ারম্যান খালেদ সাইফুল্লাহ বলেন, রাতে উচ্চশব্দে গান-বাজনা হলে মানুষ ঘুমাতে পারে না। এজন্য রাতে গান-বাজনা না করার জন্য সতর্ক করা হয়েছে। মানুষ অভিযোগ দিলে জরিমানা করা হবে। চেয়ারম্যান হিসেবে আমার ৭৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা করার নিয়ম রয়েছে। আমার ফেসবুক আইডি নেই। কে বা কারা আমার নাম দিয়ে এটি ফেসবুকে চালাচ্ছে। আমি এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।

তিনি আরও বলেন, একজন আলেম হিসেবে মা-বোন ও স্কুল-কলেজ-মাদ্রাসাছাত্রীদের পর্দার জন্য বোরকা পরে বাইরে বের হওয়ার পরামর্শ দিয়েছি। স্কুলে মোবাইল নিয়ে গেলে পড়ালেখায় ব্যাঘাত ঘটবে। এতে স্কুলে যেন শিক্ষার্থীরা মোবাইল নিতে না পারে সেজন্য অভিভাবকদের সতর্ক করার জন্য ওয়াজ-মাহফিলে কথা বলেছি। আমার কথাগুলো কোনো আইন নয়, সতর্কবার্তা ও পরামর্শ। রাষ্ট্রের আইনের বিরুদ্ধে যেতে পারি না। আমি বলেছি একরকম, লোকজন প্রচার করছে অন্যরকম।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, ঘটনাটি শুনেছি। তদন্ত চলছে। চেয়ারম্যানের সঙ্গেও কথা বলেছি। তিনি জানিয়েছেন, ফেক আইডি থেকে এসব অপপ্রচার চালানো হচ্ছে। তিনি লিখিত অভিযোগ দেবেন বলেও জানিয়েছেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version