” উড়াউড়ির উন্মেষ”
_______ হাসান মাসুদ
আমি যদি বাতাস হতাম!
পাহাড় বুকের উড়না তোমার
উড়িয়ে নিতাম,
ঝড়ের মত খাঁমচি দিতাম
গালে, চুলে,
সৃষ্টি হতো নদীর ধারা!
ঝর্ণা মানেই বিষন্নতা –
উটকো পাহাড় জানত কি আর
স্রোতের ব্যাথা?
পাথর গায়ে ছিটকে পড়া?
আমি যদি বাতাস হতাম!
খোলা চুলের সব ক’টা চুল
উড়িয়ে নিতাম,
উড়ছে যেমন ধূলোবালি
কাল বোশেখী হাওয়ার সাথে
আনমনা মন,
আমিও ঠিক উড়ে যেতাম –
রঙিন কাটা ঘুড়ির মতই।
জানত কে আর বাসলে-ভালো মন
উড়ে যায় বন-বাদাড়ে,
হুতুম পেঁচার ভয়টা কে-বা মনে রাখে?
আমি হয়ত বাতাস হলেই
ভালো হতো,
খুব নিশিতে উড়িয়ে দিতাম চিঠির পাতা।
১২আষাঢ়, ১৪২৬।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
