Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

এবার সারাদেশে শৈত্যপ্রবাহের পর বৃষ্টি ঝরবে দুইদিন

News Tangail

নিউজ টাঙ্গাইল ডেস্ক: হিমালয়ের পাদদেশ থেকে আসা ঠান্ডা বাতাসের প্রবাহ দেশের বেশির ভাগ এলাকায় ছড়িয়ে পড়েছে। এর প্রভাবে কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রাম ছাড়া দেশের প্রায় সব এলাকায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।..

গত তিনদিন ধরে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ কিছুটা প্রশমিত হলেও এরপর অন্তত দুইদিন ধরে চলবে বৃষ্টি। বৃষ্টির পর ফের জেকে বসবে শীত। সোমবার সকালে আবহাওয়াবিদ আব্দুর রহমান এ তথ্য জানান।

তিনি জানান, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এই সময়ে রাজধানীতে ছিল ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গত তিনদিনের তুলনায় তাপমাত্রা কিছুটা বাড়ছে। তিনি আরও জানান, ২৯ ও ৩০ জানুয়ারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পর তাপমাত্রা কমে আসবে।

এই বৃষ্টির কথা চিন্তা করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও আবহাওয়া অধিদপ্তর থেকে একটি বিশেষ কৃষি আবহাওয়া সতর্কবার্তা দেওয়া হয়েছে। সেখানে কৃষকদের জন্য পরামর্শ হিসেবে বলা হয়েছে, সেচ, সার ও বালাইনাশক ব্যবহার বন্ধ রাখতে হবে। পরিপক্ব সবজি ও ফল সংগ্রহ করে ফেলতে হবে। বৃষ্টির সময় জমিতে যাতে পানি জমতে না পারে, সে জন্য নালা তৈরি করে দিতে হবে। আইল উঁচু করে দিতে হবে। দণ্ডায়মান ফসলের জন্য বিশেষ খুঁটির ব্যবস্থা করতে হবে।

এ ব্যাপারে আবহাওয়াবিদ মনোয়ার হোসেন নিউজ টাঙ্গাইলকে বলেন, একটি বড় মেঘমালা ভারত হয়ে বাংলাদেশের দিকে এগিয়ে আসছে। আগামী বুধ ও বৃহস্পতিবার বৃষ্টি হওয়ার পর শুক্রবার তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তারপর আরেক দফা তাপমাত্রা কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ অনুযায়ী, গত ১৯ ডিসেম্বর থেকে দেশের বিভিন্ন স্থানে শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। মাঝখানে সাত থেকে আট দিনের বিরতি গেছে। বাকি সময়জুড়ে দেশের কোথাও না কোথাও শৈত্যপ্রবাহ বয়ে গেছে। গত বৃহস্পতিবার শুরু হওয়া শৈত্যপ্রবাহটি শুরুতে দেশের এক-তৃতীয়াংশ এলাকায় ছিল। গতকাল রোববার তা দেশের ৮০ ভাগ এলাকাজুড়ে বিস্তৃত হয়ে পড়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version