Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

কণ্ঠশিল্পী ইলিয়াসের সহায়তা পেল ময়মনসিংহের পাঁচশো পরিবার

ময়মনসিংহ শহরে ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেছে কণ্ঠশিল্পী ইলিয়াস হোসেনের ‘স্টেজ ফর ইয়ুথ’ নামের সংগঠন। মঙ্গলবার ময়মনসিংহের মেয়র ইকরামুল হক টিটুর উপস্থিতিতে এই খাদ্য সহায়তা প্রদান করেন জনপ্রিয় এ শিল্পী।

সামাজিক দূরত্ব নীতি মেনে এ সময় খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে বলে জানান কণ্ঠশিল্পী ইলিয়াস। তিনি বলেন, এখন পর্যন্ত দেশের ৬৪ জেলায় আমাদের সংগঠন ‘স্টেজ ফর ইয়ুথ’ উদ্যোগে ১০ হাজারের বেশি মানুষের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হয়েছে। যদি লকডাউন এভাবে থাকে এবং ভাইরাসের প্রকোপ না কমে তা হলে এভাবে খাদ্য সহায়তা কার্যক্রম পরিচালনা করে যাবো আমরা।

এ সময় উপস্থিত ময়মনসিংহের মেয়র ইকরামুল হক টিটু বলেন, খাদ্য সহায়তা প্রদানে ‘স্টেজ ফর ইয়ুথ’ এর এ ধরনের উদ্যোগকে স্বাগত জানাই। ময়মনসিংহে ভবিষ্যতেও সংগঠনটির এ ধরনের উদ্যোগ চালু থাকবে বলে আশা করি। তাদের এই উদ্যোগে সর্বদা পাশে থাকব।

সৃজনশীল তরুণদের নিয়ে ভিন্ন ধারার একটি প্লাটফর্ম ‘স্টেজ ফর ইয়ুথ’। সংগঠনটির প্রেসিডেন্ট হিসেবে আছেন ইলিয়াস।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version