Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

কবিরাজের বিরুদ্ধে স্কুল শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগ

গোপালগঞ্জে বেচাই ওরফে পরিতোষ বাড়ৈ (৫০) নামে এক কবিরাজের বিরুদ্ধে এক স্কুল শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে।

শনিবার সন্ধ্যায় কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নে ওই স্কুল শিক্ষিকার ভাড়া বাসায় এ ঘটনাটি ঘটে। তিনি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন।

এ ঘটনায় কবিরাজ পরিতোষ বাড়ৈকে গণধোলাই দিয়েছে এলাকাবাসী। এরপর থেকে তিনি পলাতক রয়েছেন। পরিতোষ বাড়ৈ কোটালীপাড়া উপজেলার গোলাবাড়িয়া গ্রামের কালিপদ বাড়ৈর ছেলে।

ওই স্কুল শিক্ষিকা জানান, গত কয়েক মাস ধরে শারীরিক সমস্যার কারণে তিনি পরিতোষ কবিরাজের কাছ থেকে চিকিৎসা নিচ্ছিলেন। ঘটনার দিন সন্ধ্যায় কবিরাজ ওষুধ দেওয়ার কথা বলে তার ঘরে প্রবেশ করেন। এ সময় ঘরে একা পেয়ে কবিরাজ তাকে ধর্ষণের চেষ্টা করেন। পরে তার চিৎকারে এলাকাবাসী ছুটে এসে কবিরাজ পরিতোষকে ধরে গণধোলাই দিয়ে ছেড়ে দেয়।

এ ঘটনায় পর থেকে আতঙ্কে আছেন বলে জানান ওই স্কুল শিক্ষিকা।

এ বিষয়ে জানার জন্য কবিরাজ পরিতোষ বাড়ৈর বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। শনিবার সন্ধ্যা থেকে পরিতোষ গা ঢাকা দিয়েছেন বলে জানান তার স্ত্রী জয় মালা বাড়ৈ।

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বলেন, কবিরাজ পরিতোষের ধর্ষণচেষ্টার শিকার আমাদের ওই শিক্ষিকা খুবই ভদ্র স্বভাবের । ওই কবিরাজ তার সঙ্গে যে ব্যবহার করেছেন আমরা তার সুষ্ঠু বিচার চাই।

কোটালীপাড়া উপজেলার ভাঙ্গারহাট নৌ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ওমর শরীফ বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া যাবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version