নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের মির্জাপুরে কোভিট-১৯ এ (করোনায়) আক্রান্ত হয়ে মোঃ. মোতালেব মিয়া (৬২) নামে এক বৃদ্ধ হাসপাতালে মারা গেছেন। তার গ্রামের বাড়ি উপজেলার ফতেপুর ইউনিয়নের শুভুল্যা গ্রামে।
অপরদিকে সাংবাদিক দম্পতি-ইউপি সদস্য ও জেলা শ্রমিক লীগের সভাপতিসহ নতুন ১২ জনসহ আক্রান্ত হয়েছেন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ১২৬ জন হলো। মির্জাপুরে এ পর্যন্ত করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ৮ জন। এ তথ্য জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মাকসুদা খানম।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়,মঙ্গলবার করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন মোঃ. মোতালেব মিয়া (৬২)। তিনি একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
নতুন করে আক্রান্ত হয়েছেন স্থানীয় সাংবাদিক ও তার স্ত্রী (কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের ছাত্রী), গোড়াই ইউনিয়নের একজন ইউপি সদস্য, টাঙ্গাইল জেলা শ্রমিক লীগের সভাপতি ও তার নাতী, দুই পোশাক শ্রমিকসহ ১৬ জন।
মির্জাপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ড ১০ দিনের লকডাউন চললেও এলাকাবাসী পুরো মির্জাপুরকে লকডাউনের দাবি জানিয়েছেন। মির্জাপুর উপজেলায় এ পর্যন্ত ১২৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন যা টাঙ্গাইল জেলার ১২ উপজেলার মধ্যে সর্বাধিক।
প্রতিদিন লাফিয়ে লাফিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় এলাকায় আতংক ছড়িয়ে পরেছে। মির্জাপুর পৌরসভায় চলছে ১০ দিনের লকডাউন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ. আবদুল মালেক মোস্তাকিম বলেন, করোনায় নতুন ভাবে যারা আক্রান্ত হয়েছেন তারা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন।
আক্রান্তদের বাসা বাড়ির আশপাশে বাড়ি লকডাউন করা রয়েছে। উপজেলা প্রশাসন, পুলিশ বাহিনী এবং স্বাস্থ্য বিভাগ সামাজিক দূরত বজায় রেখে করোনা ভাইরাস থেকে জনগণকে সচেতন করতে দিনরাত কাজ করে যাচ্ছেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
