Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

করোনা: খুলে দেয়া হলো মসজিদে নববী ও আল-হারাম

করোনা: খুলে দেয়া হলো মসজিদে নববী ও আল-হারাম
পরিচ্ছন্নতা কার্যক্রমের পর সৌদি আরবের মক্কার মসজিদ আল-হারাম ও মদিনার মসজিদে নববী খুলে দেয়া হয়েছে। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের ঝুঁকি এড়াতে বিশ্ব মুসলিম উম্মাহর সম্মিলনস্থল পবিত্র মসজিদ দু’টি পরিষ্কার-পরিচ্ছন্ন করতে সাময়িক বন্ধ করা হয়েছিল।

শুক্রবার (০৬ মার্চ) সৌদির রাষ্ট্রীয় টেলিভিশন আল-এখবারিয়া এ দুই মসজিদ খুলে দেয়ার খবর জানায়। তবে হজ বা ওমরাহ পালনকারীরা মসজিদ দু’টিতে এখনই ঢুকতে পারবেন কি-না, তা স্পষ্ট করেনি আল-এখবারিয়া।

এর আগে বৃহস্পতিবার (০৫ মার্চ) ব্রিটিশ দৈনিক সানডে এক্সপ্রেস জানায়, করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে মক্কার ঐতিহাসিক মসজিদ আল-হারামে কাবা শরিফ চত্বরে প্রবেশ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। কাবা শরিফ ধোঁয়া-মোছার কাজ চলছে।

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে এখন পর্যন্ত ৩ হাজার ৩৮৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চীনেই মৃতের সংখ্যা ৩ হাজার ৪২ জন। বিশ্বজুড়ে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় লাখের কাছাকাছি।

ভাইরাসটি প্রতিরোধে সৌদি আরব ইতোমধ্যে ২৫টির মতো দেশের পর্যটক ও ওমরাহ পালনেচ্ছুদের আগমনে নিষেধাজ্ঞা আরোপ করেছে। যদিও সৌদি আরবেই এর মধ্যে পাঁচ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর মিলেছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version