নিউজ টাঙ্গাইল ডেস্ক: করোনা ভাইরাস প্রতিরোধে টাঙ্গাইল জেলার ১২ উপজেলার সর্বত্র সকল প্রকার রাজনৈতিক, ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক সমাবেশ/ গণজমায়েত নিষিদ্ধ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) রাতে টাঙ্গাইলের জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মো: শহীদুল ইসলাম জরুরী বিজ্ঞপ্তির মাধ্যমে এ নিষেধাজ্ঞা জারি করেছেন। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উল্লেখ করা হয়েছে জরুরি বিজ্ঞপ্তিতে।
এছাড়াও জেলা প্রশাসন অপর এক জরুরি বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, টাঙ্গাইল জেলায় যারা বিদেশ থেকে এসেছেন অথবা নিজ বাড়িতে আছেন তাদের ও তাদের পরিবারের সদস্যবৃন্দ এবং যারা সর্দি-কাশিতে ভুগছেন তাদের মসজিদে গিয়ে জুম্মার নামাজ, জামাতে নামাজ আদায় না করার জন্য অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সকলের সহযোগিতা প্রত্যাশা কামনা করা হয়েছে।
এ ব্যাপারে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোশারফ হোসেন খান বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধের লক্ষ্যে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।

