Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

কাজিপুরে বিএনপির ৪৬ নেতাকর্মীর বিরুদ্ধে ছাত্রলীগের মামলা

News Tangail

মোঃ জহির রায়হান, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলাধীন চালিতাডাংগা ইউনিয়নের আওয়ামী লীগ অফিসে হামলা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ভাংচুরের অভিযোগ এনে কাজিপুরে বিএনপির ৪৬ নেতাকর্মীর নামে মামলা দায়ের করা হয়েছে।

শনিবার রাতে কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ তালুকদার বাদী হয়ে বিএনপির ১৬ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৩০ নেতাকর্মীকে আসামি করে এই মামলাটি দায়ের করে।

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

আসামিদের মধ্যে রয়েছেন কাজিপুর উপজেলা বিএনপির সভাপতি সেলিম রেজা, তার ভাই বিপ্লব হোসেন, উপজেলা যুবদলের সহ-সভাপতি টমাস হোসেন, পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান, চালিতাডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মজিবুর রহমান ও তার ভাই নবির হোসেনসহ মোট ৪৬ জন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গতকাল ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৩১ আগস্ট রাতে কাজিপুর উপজেলার চালিতা ডাঙ্গায় বিএনপির নেতার্কীরা সমবেত হয়ে মিটিং করে। পরে তারা ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে হামলা চালিয়ে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর করে তাদের অবমাননা করে। এ ঘটনায় ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ তালুকদার বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version