Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

কারাগারে বসেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন টাঙ্গাইল ৭ আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী

News Tangail

নিউজ টাঙ্গাইল ডেস্ক: কারাগারে বসেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশুবিষয়ক সম্পাদক মির্জাপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী। গত ৬ নভেম্বর বিকেলে ঢাকার পল্টন মডেল থানা পুলিশ নাশকতার অভিযোগে তাকে গ্রেপ্তার করে।

টাঙ্গাইল ৭ মির্জাপুর আসনে গত ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ও ১২ জুনের নির্বাচনে তিনি বিএনপির প্রার্থী হয়ে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান এমপি একাব্বর হোসেনকে পরাজিত করে নির্বাচিত হন। এরপর তিনি ২০০১ ও ২০০৮ সালে একাব্বর হোসেনের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং পরাজিত হন। এবারও আবুল কালাম আজাদ সিদ্দিকীই এ আসনে বিএনপির প্রথম পছন্দ।  বিএনপিতে একাধিক মনোনয়নপ্রত্যাশী থাকলেও তার বিরুদ্ধে শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী নেই বলে দলের নেতাকর্মীরা মনে করছেন।

বিএনপির সাবেক এমপি ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী আবুল কালাম আজাদ সিদ্দিকী জেলহাজতে থাকায় এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গায়েবি মামলায় গ্রেপ্তার আতঙ্কে আত্মগোপনে থাকায় মির্জাপুর বিএনপিতে নেতৃত্বশূন্যতার সৃষ্টি হয়েছে। কয়েকজন নেতাকে দেখা গেলেও গ্রেপ্তারের ভয়ে তারা প্রকাশ্যে নির্বাচন নিয়ে কোনো কথা বলছেন না।

মির্জাপুর উপজলা বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম নয়া বলেন, রাজনৈতিকভাবে ঘায়েল করতেই বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নামে এই ভিত্তিহীন গায়েবি মামলা করা হচ্ছে। মামলা-হামলা করে বিএনপিকে দমানো যাবে না। ভোটের দিন ধানের শীষের ভোটবিপ্লব ঘটবে বলে তিনি আশা প্রকাশ করেন। এ ছাড়া তিনি অবিলম্বে সব মিথ্যে মামলা প্রত্যাহার এবং গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবি জানান।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version