Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

কালিহাতীতে নিখোঁজের দুইদিন পর সেপটিক ট্যাংক থেকে যুবকের মরদেহ উদ্ধার

শুভ্র মজুমদার, কালিহাতী প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতীতে নিখোঁজের দুইদিন পর সেপটিক ট্যাংক থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার বাংড়া ইউনিয়নের পাথালিয়া গ্রামে। উদ্ধারকৃত যুবক ঘাটাইল উপজেলার মাইজবাড়ী গ্রামের সাবাস উদ্দিনের ছেলে তোফাজ্জল হোসেন তোতা(৩৫)।

জানাযায়, গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে প্রতিদিনের ন্যায় তার শ্বশুড় বাড়ী পাথালিয়া থেকে ঢালাইয়ের কাজে গিয়ে সন্ধ্যায় বাড়ীতে না ফেরায় তার শ্বশুড়বাড়ীর লোকজন রাতভর অনেক খোঁজাখুজি করেও না পাওয়ায় পরদিন শুক্রবার রাতে স্ত্রী সাথী বাদী হয়ে নিখোঁজ সংক্রান্ত কালিহাতী থানায় একটি সাধারন ডায়েরী করেন। নিখোঁজের দুইদিন পর পাথালিয়া গ্রামের নারায়ন মাস্টারের বাড়ীর পরিত্যক্ত সেপটিক ট্যাংক থেকে শনিবার বিকেলে তোফাজ্জল হোসেন তোতার মরদেহ উদ্ধার করে কালিহাতী থানা পুলিশ।

পাথালিয়া গ্রামের নারায়ন মাস্টারের পাশের বাড়ীর হাছনা বেগম বলেন, শুক্রবার সকালে প্রাকৃতিক কাজ সারার জন্য তাদের ব্যবহৃত সেপটিক ট্যাংকে গেলে হঠাৎ পাশের নারায়ন মাস্টারের পরিত্যক্ত বাড়ীর সেপটিক ট্যাংকের স্লাপ উল্টো দেখে ভয় পেয়ে স্থানীয় মেম্বারের কাছে জানান। মেম্বার রাত ১০টায় এসে বিষয়টি দেখে পরদিন শনিবার থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেপটিক ট্যাংক থেকে একটি লাশ উদ্ধার করে। লাশটি দেখে স্থানীয় লোকজন নিখোঁজ তোতার মরদেহ বলে সনাক্ত করেন।

সহকারী পুলিশ সুপার(কালিহাতী সার্কেল) রাসেল মনির বলেন, বৃহস্পতিবার একটি বাচ্চা মোবাইল পেলে মোবাইলটি কার এবিষয়ে জিজ্ঞাসা করলে জানতে পারি মোবাইলটি নিখোঁজ ব্যক্তির। পরে নিখোঁজ ব্যক্তির স্ত্রী শুক্রবার কালিহাতী থানায় নিখোঁজ সংক্রান্ত ডায়েরী করেন। তাকে খোঁজাখুজির এক পর্যায়ে নারায়ন মাস্টারের বাড়ীর পরিত্যক্ত সেপটিক ট্যাংক থেকে শনিবার বিকেলে তোফাজ্জল হোসেন তোতার মরদেহ উদ্ধার করা হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version