শুভ্র মজুমদার, কালিহাতী প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে বানের পানিতে ডুবে প্রাণ গেল দুই বোনের। বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চরদুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলো আবু সাঈদের মেয়ে তানজিলা (৮) ও লিমা (৫)। এর মধ্যে তানজিলা স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীতে ও লিমা প্রথম শ্রেণীতে পড়ত।
স্থানীয়রা জানান, উপজেলার চরদুর্গাপুর গ্রাম বন্যার পানিতে প্রায় ডুবে গেছে। দুপুরে দুই বোন খেলার সময় বাড়ির পাশে বন্যার পানিতে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা দুই শিশু মেয়েকে অনেক খোঁজাখুঁজি করে পাননি। স্থানীয়রা পানিতে দুজনকে ভাসতে দেখে প্রায় মৃত অবস্থায় পানি থেকে উদ্ধার করেন।
কালিহাতীর দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম আনোয়ার হোসেন প্রামাণিক বলেন, গ্রামের সব জায়গায় পানি প্রবেশ করায় জন-জীবন অচল হয়ে পড়েছে। এদিকে ওই দুই শিশু বাড়ির পাশে পানিতে খেলা করতে গিয়ে ডুবে মারা যায়।
কালিহাতী থানার নবাগত ওসি হাসান আল মামুন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বন্যার পানি থেকে শিশুদের রক্ষা করতে অভিভাবকদের সতর্ক থাকতে হবে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
