Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

কিশোরী ধর্ষণ: টাঙ্গাইলে বড় মনিরকে গ্রেফতার ও শাস্তির দাবিতে ফের বিক্ষোভ মিছিল

ছবি: সংগৃহীত।

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা বাস-মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনিরকে দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।

রোববার (১৬ এপ্রিল) দুপুরে শহরের ভাসানী হলের সামনে থেকে ‘টাঙ্গাইলের সচেতন সমাজের’ ব্যানারে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহিদ মিনারে গিয়ে শেষ হয়। মিছিলে দুই শতাধিক মানুষ অংশ নেয়। এতে বক্তব্য রাখেন জেলা শেখ ফজিলাতুন্নেছা মুজিব পরিষদের সভাপতি খান মোহাম্মদ রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস হাসান প্রমুখ।

বক্তারা বলেন, গোলাম কিবরিয়া বড় মনির বিরুদ্ধে এক কিশোরীকে অন্তঃসত্ত্বার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা হলেও পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি। এছাড়াও গোপালপুর উপজেলা আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম নিক্সন হত্যার পরিকল্পনাকারী ছোট মনির এমপির শাস্তিও দাবি করেন বক্তারা। তাদের গ্রেফতারসহ তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন আন্দোলনকারীরা।

প্রসঙ্গত, টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা বাস-মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনির বিরুদ্ধে এক কিশোরী (১৭) বাদী হয়ে গত ৫ এপ্রিল রাতে টাঙ্গাইল সদর থানায় ধর্ষণ মামলা করেন। মামলা ওই কিশোরী অন্তঃসত্ত্বার বিষয়টি উল্লেখ করেন। মামলা বড় মনির স্ত্রী মোছা. নিগার আফতাবকেও আসামি করা হয়। ৬ এপ্রিল বিকালে ওই কিশোরী আদালতে দণ্ডবিধির ২২ ধারায় জবানবন্দি দেয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version