Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

কোটা বহালের দাবিতে টাঙ্গাইলে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন 

News Tangail

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের কোটা বহালের দাবিতে মানববন্ধন কর্মসূচি ও প্রধানমন্ত্রী বরাবর জেলা প্রশাসকের নিকট স্মারক লিপি প্রদান করেছে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের সন্তানেরা ।

সোমবার সকালে স্থানীয় শহীদ মিনারের সামনে নিরালার মোড়ে টাঙ্গাইল জেলা মুক্তিযুদ্ধ চেতনা বাস্তবায়ন মঞ্চ এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক বীরপ্রতীক, নাগরপুর উপজেলার সাবেক কমান্ডার মো. সোজায়েত হোসেন, বাসাইল উপজেলার সাবেক কমান্ডার নুরুল ইসলাম নুরু, আব্দুস সবুর খান বীরবিক্রমের ছেলে মাহবুবুর রহমান বিপ্লব প্রমুখ।

বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে নিজেদের জীবন বাজি রেখে যুদ্ধ করেছি। ওই সময়ে আমরা বেতন ভাতা ও সম্মানীর আশায় যুদ্ধ করিনি। বাংলাদেশকে স্বাধীন করার জন্য যুদ্ধ করেছিলাম। মুক্তিযোদ্ধা কোটা ছিলো, আছে ও ভবিষ্যতেও থাকবে। তাই মুক্তিযোদ্ধা কোঠা বহালের দাবি জানান বক্তারা। তা না হলে কঠোর হতে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন মুক্তিযোদ্ধারা।

পরে নিরালার মোড় হতে একটি বিক্ষোভ মিছিল বের করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এরপর প্রধানমন্ত্রী বরাবর জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করে মুক্তিযোদ্ধারা।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version