Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

খালেদা জিয়া আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন: টুকু

ছবি- নিউজ টাঙ্গাইল।

ফরমান শেখ- নিজস্ব প্রতিবেদক: কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ‘স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান শাহাদৎবরণ করার পর দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনবার ক্ষমতায় এসে দেশ পরিচালনা ও আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন।’

টুকু বলেন, ‘এ দেশের মন্ত্রী, এমপি ও উপজেলা পরিষদের চেয়ারম্যানরা বিদেশে গিয়ে চিকিৎসার সুযোগ পান। অথচ বেগম খালেদা জিয়াকে তারা দেশের বাইরে চিকিৎসার জন্য সুযোগ দিচ্ছে না। কেননা এ সরকার তাকে দেখে ভয় পায়।’

শুক্রবার সন্ধ্যায় টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পৌর শহরের বিরামন্দী প্রিন্সিপাল ইবরাহীম খাঁ’র বাড়ির সামনে আয়োজিত উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিত সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুলতান সালাউদ্দিন টুকু আরও বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে দেশের বাইরে রেখেছে সরকার। আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটিয়ে তাকে দেশের মাটিতে ফিরিয়ে আনা হবে।’

উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন- জেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল হক ছানু, উপজেলা বিএনপির সদস্য সচিব সেলিমুজ্জামান তালুকদার সেলু, পৌর বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন, সদস্য সচিব খায়রুল ইসলাম খান প্রমুখ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version