গাজীপুরে চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের সময় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় দুইটি চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
সোমবার রাতে গাজীপুর সদর থানাধীন মাস্টার বাড়ি এলাকার মলি পেট্রোল পাম্পের পাশে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে মঙ্গলবার বিকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তাররা হলেন- গাজীপুর মহানগরীর সদর থানার ভাওরাইদের শাহরিয়ার ওরফে শিপন (২৩), জামালপুর সদর উপজেলার নুরুল ইসলাম (২৮) এবং গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাবাগান এলাকার মেহেদী হাসান (২২)।
বিসয়টি নিশ্চিত করে গাজীপুর সিআইডির এএসপি এনায়েত করিম রাসেল জানান, চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয় হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাতেনাতে শাহরিয়ার ও মেহেদীকে আটক করা হয়। পরে তাদের কাছে থাকা দুইটি চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী মোটরসাইকেল তাদের চোর সিন্ডিকেটের মূল হোতা মহানগরীর জরুন এলাকা থেকে নুরুল ইসলামকে আটক করা হয়েছে।
এ ঘটনায় মঙ্গলবার দুপুরে গাজীপুর সদর থানায় মামলা হয়েছে। আটকরা মোটরসাইকেল দুইটি নিজেদের দাবি করলেও কোনো কাগজপত্র দেখাতে পারেননি বলে জানান তিনি।

