Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

গাজীপুরে প্রবেশে ও বের হওয়ার ১০ সড়ক বন্ধ 

গাজীপুর মহানগরীতে প্রবেশ ও বের হওয়ার প্রধান ১০ সড়ক বন্ধ করে দিয়েছে সিটি করপোরেশন ও মহানগর পুলিশ। এতে রাজধানীসহ দেশের অন্য জেলা থেকে গাজীপুর মহানগরে প্রবেশ ও বের হওয়া বন্ধ হয়ে গেছে। গত মঙ্গলবার বিকাল ৩টায় মেয়র মো. জাহাঙ্গীর আলম ও মহানগর পুলিশ কমিশনার যৌথ ভাবে ১০ সড়ক বন্ধের ঘোষণা দেন।

মেয়র জানান, গাজীপুরে একজনের শরীরে করোনাভাইরাস সনাক্ত হয়েছে। রাজধারীতেও বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। তাই নিরাপত্তার স্বার্থেই এ গাজীপুর মহানগরীতে ঢাকা ও অন্য জেলা থেকে প্রবেশ ও বের হওয়ার প্রধান ১০টি সড়ক বন্ধ করে দেয়া হয়েছে।

নগরীর ভিতরে থাকা সকল গার্মেন্ট ও কলকারখানা আজ থেকে বন্ধ থাকবে। ওষুধ, খাদ্য, জ্বালানী ও জরুরী সেবাদানকারী সংস্থার গাড়ি ছাড়া অন্য গাড়ি চলতে দেয়া হচ্ছে না। খাদ্য ও ওষুধ কিনতেও একজনের বেশী মানুষকে এক সাথে বের হতে দেওয়া হচ্ছে না।

পুলিশ কমিশনার মো. আনোয়ার হোসেন বলেন, সরকারের নির্দেশ পালনে পুলিশ আরো কঠোর হবে। অনুমোদন ছাড়া কাউকে শহরে ঢুকতে ও বের হতে দেওয়া হবে না।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version