Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

গাজীপুরে ভুয়া মেজর গ্রেফতার

গাজীপুরে সেনাবাহিনীর ডিজিএফআই’র মেজর পরিচয়দানকারী এক ব্যক্তিকে আজ সোমবার গ্রেফতার করেছে পুলিশ। তার নাম আপন চৌধুরী (৪০)। সে ঢাকা জেলার সাভার থানার হেমায়েতপুর যাদুরচর গ্রামের মজিবুর রহমানের ছেলে।

জিএমপি’র কোনাবাড়ী থানার ওসি এমদাদ হোসন জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী হরিণাচালা এলাকার জনৈক জুয়েলের বাসায় বেশ কিছুদিন ধরে ভাড়া থাকে আপন চৌধুরী। সে নিজেকে সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগ ডিজিএফআই’র হেডকোয়ার্টারের মেজর মাসুম হিসেবে মিথ্যা পরিচয় দিয়ে এলাকার লোকজনকে বিভিন্ন সময়ে ভয়ভীতি দেখিয়ে প্রতারণা কার্যক্রম চালিয়ে আসছিল।

গত ২৯ জুন সে স্থানীয় এক ব্যক্তির মেয়েকে ক্যাডেট কলেজে ভর্তির সুযোগ পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণার মাধ্যমে এক লাখ টাকা হাতিয়ে নেয়। কিন্তু ভর্তি করতে না পেরে নানা টালবাহানা করতে থাকে।

এ ব্যাপারে ওই শিক্ষার্থীর বাবা মোসলেহ উদ্দিন কোনাবাড়ী থানায় প্রতারণার অভিযোগে একটি মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে সোমবার সকালে পুলিশ হরিণাচালা এলাকা থেকে ভুয়া মেজর আপন চৌধুরীকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে নগদ ৫০ হাজার টাকা ও একটি পাসপোর্ট জব্দ করা হয়েছে।

জিএমপি’র কোনাবাড়ী জোন এর সহকারী কমিশনার থোয়াই অংপরু মারমা এব্যাপারে জানান, গ্রেফতারকৃত ব্যক্তি বিভিন্ন মিথ্যা পরিচয় দিয়ে এলাকায় নানা প্রতারণা করে আসছিল।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version