Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

গোপালপুরে বিদ্যালয়ে হামলায় তিন শিক্ষক আহতের ঘটনায় ২ বখাটেকে কারাগারে

নিউজ ডেস্ক: টাঙ্গাইলের গোপালপুরে ক্লাস চলাকালীন বিদ্যালয়ে হামলায় প্রধান শিক্ষকসহ তিন শিক্ষক আহতের ঘটনায় দুই বখাটেকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (৮ মার্চ) দুপুরে তাদের আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। বিষয়টি বিকেলে নিশ্চিত করেছেন গোপালপুর থানার ওসি মোশারফ হোসেন।

ওই দুই বখাটে হলো— উপজেলার জামতৈল গ্রামের মো. আব্দুল মজিদের ছেলে হৃদয় (১৯) ও মো. মিজানুর রহমানের ছেলে রাব্বি (২০)।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার (৭ মার্চ) দুপুরে হৃদয় ও রাব্বী বহিরাগতদের নিয়ে ক্লাস চলাকালীন বিদ্যালয়ের মাঠে ঝগড়া শুরু করে। এ সময় সহকারী শিক্ষক সোলায়মান ও শাহনাজ পারভীন তাদের কাছে গিয়ে ঝগড়া করতে নিষেধ ও বিদ্যালয় ত্যাগ করতে বলেন। এতে বখাটেরা ক্ষিপ্ত হয়ে ওই শিক্ষকদের মারধর করে। পরে প্রধান শিক্ষক গিয়ে বাধা দিলে বখাটেরা তাকেও মরধর করে তার মোবাইল ফোন ছিনিয়ে নেয়। অন্য শিক্ষকরা ঘটনাস্থলে ছুটে এলে বখাটেরা খুন-জখমের হুমকি দিয়ে চলে যায়।

স্থানীয়দের সহযোগিতায় আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়া হয়। পরে রাতে প্রধান শিক্ষক বাদী হয়ে ওই দুই বখাটের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এলাকাবাসী এই ন্যক্কারজনক হামলার সুষ্ঠু বিচার দাবির পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন জানান, অভিযোগ পাওয়ার পর ওই দুই বখাটেকে গ্রেপ্তার করা হয়। তাদের কারাগারে পাঠানো হয়েছে।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version