Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

গ্রাম পুলিশকে চতুর্থ শ্রেণির মর্যাদা দেওয়ার নির্দেশ দিলেন হাইকোর্ট

নিউজ টাঙ্গাইল ডেস্ক: সারাদেশের গ্রাম পুলিশকে সরকারি চতুর্থ শ্রেণির কর্মচারীর পদমর্যাদা দিতে এবং সে অনুযায়ী জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্ত করে তা প্রদান করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ফলে ৪৭ হাজার গ্রাম পুলিশের ভাগ্য খুলতে যাচ্ছে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী হুমায়ুন কবির পল্লব। তিনি জানান, এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে  হাইকোর্টের বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চ মামলায় আংশিক এই রায় ঘোষণা করেন। আদালতে  রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব ও ব্যারিস্টার মোজাম্মেল হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওয়েস আল হারুনী।

আদালতের রায়ের পর গ্রাম পুলিশ বাহিনী রিট বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. উজ্জ্বল খান, সম্পাদক সায়েদুল দেওয়ান সন্তোষ প্রকাশ করেন। রায় ঘোষণার পর  গ্রাম পুলিশরা আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন। তারা তখন একে অন্যের গলা জড়িয়ে ধরে কাঁদেন। এই রায়ে তারা সন্তোষ প্রকাশ করেছেন। হাইকোর্টের প্রতি এবং প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তারা।

এর আগে ২০১৭ সালের ৩ ডিসেম্বর গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের চতুর্থ শ্রেণির সরকারি কর্মচারীদের স্কেলের সমপরিমাণ বেতন কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। ২০১৭ সালের ২৭ নভেম্বর ঢাকার ধামরাইয়ের টুপিরবাড়ীর হাটকুশারা এলাকার বাসিন্দা গ্রাম পুলিশ লাল মিয়াসহ ৩৫৫ জন গ্রাম পুলিশ এ রিট দায়ের করেন। বর্তমানে প্রায় ৪৬ হাজার গ্রাম পুলিশের একজন দফাদার বেতন পান ৩ হাজার ৪শ এবং মহালদার পান ৩ হাজার টাকা। পরে আইনজীবী হুমায়ুন কবির বলেন, ব্রিটিশ আমল থেকে এ বাহিনী বিভিন্ন আইনের অধীনে কাজ করে আসছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version