Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

ঘর পেলেন গোয়ালঘরে বাস করা সেই মকবুল

মকবুল এখন আর গৃহহীন নন। তাকে আর কারও কুঁড়ে ঘরে থাকতে হবে না। বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী জীশান মীর্জা ও বরগুনার বেতাগী পৌরসভার মেয়র এ বি এম গোলাম কবিরের উদ্যোগে পাকা ঘর পেয়েছেন মকবুল।

শুক্রবার (১৮ মার্চ) ঘরটি মকবুলের কাছে হস্তান্তর করা হয়েছে। তাকে ঘরটি দেওয়া হয়েছে মুজিববর্ষের উপহার হিসেবে।

পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. কামরুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সহায়-সম্বলহীন মকবুল হাওলাদার (৭৫)। বাড়ি বরগুনার বেতাগী উপজেলার সদর ইউনিয়নের ঝিলবুনিয়া গ্রামে। তার চার ছেলে। তারা সবাই ঢাকায় কাজ করেন। কেউ বাবার খোঁজ-খবর রাখেন না। বিপত্নীক মকুবলের একমাত্র সহায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী মেয়ে। জীবিকার তাগিদে অসুস্থ শরীর নিয়ে লাঠি আর মেয়ের কাঁধে ভর করে গ্রামে গ্রামে ভিক্ষা করেন মকবুল। গত বর্ষায় তার কুঁড়ে ঘরটি ভেঙে যায়। সেই থেকে মেয়েকে নিয়ে তিনি ঠাঁই নেন প্রতিবেশী খালেক হাওলাদারের গোয়াল ঘরে।

মকবুলের দুর্দশার এ খবর গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে, তা নজরে আসে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী জীশান মীর্জার। তিনি তাৎক্ষণিক মকবুলের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। পরে সহযোগিতার হাত বাড়িয়ে দেন বেতাগী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বেতাগী পৌরসভার মেয়র এ বি এম গোলাম কবির। তিনি ঘরনির্মাণে আর্থিক সহায়তা করেন।

পুনাক সভানেত্রী জীশান মীর্জা বলেন, ‘বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির উদ্যোগে আমরা সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। গণমাধ্যমে খবর দেখে আমরা সিদ্ধান্ত নিই যে পুনাকের উদ্যোগে আমরা ওই বৃদ্ধ ও তার মেয়ের পাশে দাঁড়াবো। আজ আমরা তাকে একটি ঘর করে দিতে সক্ষম হয়েছি।’

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version