Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

ঘাটাইলের লক্ষিন্দর-বাঘাড়া সড়কের বেহাল দশা, জনদুর্ভোগ চরমে

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের লক্ষিন্দর-বাঘাড়া বাজার- সাগরদীঘি পর্যন্ত ৬.১১ কিলোমিটার দৈর্ঘ্যের রাস্তাটি অতি জনগুরুত্বপূর্ণ রাস্তা। এই রাস্তার মধ্যে সাগরদিঘী বাজার থেকে বেইলা গ্রাম পর্যন্ত দুই কিলোমিটার রাস্তা পাকা, বাকি ৪.১১ কিলোমিটার রাস্তা মনতলা-টু-বাঘাড়া বাজার-টু-লক্ষিন্দর পর্যন্ত কাঁচা। এতে অসহনীয় জনদুর্ভোগ কমাতে মনতলা থেকে বাঘাড়া বাজার পর্যন্ত তিন কিলোমিটার রাস্তা পাকা করা খুবই প্রয়োজন বলে দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

জানা গেছে, বাঘাড়া বাজার টু সাগরদীঘি রাস্তাটি দিয়ে প্রতিদিন বাঘাড়া, মনতলা ও কাইকারচালাসহ আশেপাশের কয়েকটি গ্রামের শতশত মানুষ যাতায়াত করে। শনিবার ও মঙ্গলবার সাগরদিঘী হাটের দিন বিধায় উক্ত দুই দিন প্রায় হাজার মানুষ এ রাস্তা দিয়ে চলাচল করেন।

কাঁচা তিন কিলোমিটার রাস্তা সংলগ্ন মনতলা ও বাঘাড়া গ্রামে একটি করে দুইটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। বাঘাড়া ও মনতলাসহ আশেপাশের গ্রামের প্রায় সকল ছেলেমেয়েরা সাগরদিঘী উচ্চ বিদ্যালয়, সাগরদিঘী বালিকা উচ্চ বিদ্যালয় ও সাগরদিঘী কলেজে লেখাপড়া করে। এখানকার শিক্ষার্থীদের প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করেই শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হয়।

বিকল্প কোন রাস্তা না থাকায় বাঘাড়া, মনতলা ও কাইকারচালাসহ আশেপাশের কয়েকটি গ্রামের মানুষদের এই রাস্তা দিয়ে সাগরদিঘী বাজারে এসে তারপর জেলা সদরে আসতে হয়।

প্রায় পঁচিশ বছর পূর্বে নির্মিত এই রাস্তাটি শুরু থেকেই কাঁচা হওয়ায় ও দীর্ঘদিন যাবৎ মেরামত না করার ফলে রাস্তাটির খানাখন্দে বৃষ্টির পানি জমে চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। বর্তমানে এ রাস্তা দিয়ে ট্রাক, অ্যাম্বুলেন্স, মাইক্রোবাস, টেম্পো প্রভৃতি যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

বাঘাড়া এলাকার রঞ্জিত মিয়া জানান, ‘আগে প্রতিদিন বাঘাড়া বাজার থেকে ট্রাকে করে কাঁচা সবজি ঢাকায় নেয়া হতো। কিন্তু বর্তমানে যানবাহনের অভাবে উৎপাদিত কাঁচামাল ঢাকায় রপ্তানী করা হয় না। এতে কৃষকরা উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। ফলে কৃষকের ফসল জমিতেই নষ্ট হচ্ছে। যানবাহন চলাচল না করার কারণে জরুরি অবস্থায় রোগী হাসপাতালে নেয়া যায়না বিধায় তাদের বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করার সম্ভাবনা দেখা দিয়েছে।’

বর্তমানে রাস্তাটির বিভিন্ন স্থানে এমনই খানাখন্দ ও গর্তের সৃষ্টি হয়েছে যে যানবাহন তো দূরের কথা পায়ে হেঁটে চলাও মুশকিল। সামান্য বৃষ্টি হলে এই রাস্তায় কাদা ও পানি জমে যায়। ফলে এই রাস্তায় চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে যায়। তাই মনতলা থেকে বাঘাড়া বাজার পর্যন্ত তিন কিলোমিটার রাস্তা পাকা করা খুবই জরুরি বলে জানিয়েছেন এলাকাবাসী। রাস্তাটি পাকা হলে এ এলাকার কয়েক হাজার মানুষের বহু দিনের কষ্ট দূর হবে বলে মনে করছেন স্থানীয় জনগণ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version