বুধবার, জানুয়ারি ২৮, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাঘাটাইলঘাটাইলে কর্মচারীর হাত-পা বেঁধে ৫টি গরু চুরি

ঘাটাইলে কর্মচারীর হাত-পা বেঁধে ৫টি গরু চুরি

টাঙ্গাইলের ঘাটাইলে গভীর রাতে খামারের ঘুমন্ত এক কর্মচারীর হাত-পা রশি দিয়ে বেঁধে বিদেশি জাতের পাঁচটি গরু চুরি করে নিয়ে গেছে চোরেরা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) ভোর রাতে উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের বেইলা গ্রামের তৌহিদ এগ্রো খামারে এ ঘটনা ঘটে। পাঁচটি গরুর আনুমানিক বাজার মূল্য ১২ লাখ টাকা হবে বলে জানান খামারের মালিক তৌহিদ।

জানা যায়, রবিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বেইলা গ্রামের ইটপাঞ্জাল এলাকার তৌহিদ এগ্রো খামারের পাহারাদারকে হাত-পা ও মুখ বেঁধে উপুড় করে ফেলে রাখে। খামারে থাকা আরও তিন কর্মচারীকে ঘরের বাইরের দিক থেকে দরজায় তালা লাগিয়ে দেয় চোর চক্র। পরে খামার থেকে বিদেশি জাতের ৫টি গরু চুরি করে নিয়ে যায়।

খামারের পাহারাদার মো. হযরত আলী জানান, হঠাৎ রাত ৩টার দিকে তিন-চারজন লোক আমাকে বেঁধে ফেলে। তারা ট্রাক গাড়ি নিয়ে এসেছিল। আমি ট্রাকের শব্দ শুনতে পেয়েছি। চোর চলে যাওয়ার পর স্থানীয়রা এসে আমার বাঁধন খোলে।

তৌহিদ এগ্রো খামারের ম্যানেজার তামিম সিয়াম শান্ত জানান, সোমবার ভোর রাতে এই চুরির ঘটনা ঘটে। খামার থেকে ৫টি গরু চুরি হয়েছে। প্রতিটা গরু ২ লাখ টাকার উপরে হবে। বিষয়টি পুলিশকে মৌখিকভাবে জানানো হয়েছে।

এ বিষয়ে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মকছেদুর রহমান জানান, চুরির ঘটনাটি শুনেছি। তবে এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular