রেজাউল করিম খান রাজু, ঘাটাইল: টাঙ্গাইলের ঘাটাইলে সিমেন্ট ও বালুবাহী দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আব্দুল জলিল (৩৫) এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে চালক-হেলপারসহ আরও ৩ জন।মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে ৬ টার দিকে টাঙ্গাইল-ময়মসিংহ আঞ্চলিক মহাসড়কের উপজেলার হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের বাবার নাম মো. আজবার আলী। তার বাড়ী শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলা বনগাঁও হতিগ্রামে। তিনি সিমেন্টবাহী ট্রাকের চালক ছিলেন। আহতদের নাম পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, ভোরে সিমেন্টবাহী ময়মনসিংহ যাচ্ছিল। পথিমধ্যে হরিপুর স্কুলের সামনে এলেঙ্গাগামী অপর একটি বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সিমেন্টবাহী ট্রাক চালক মারা যায়। এ ঘটনায় বালুবাহী ট্রাক চালকসহ দুই ট্রাকের ৩ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা আড়াই ঘণ্টাপর সকাল সাড়ে ৮ টার দিকে ট্রাকের ভিতর থেকে নিহতের লাশ উদ্ধার করে।
এরপর আহত ৩ জনকে উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাদের মধ্যে বালুবাহী ট্রাকের চালক ও হেলপারকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করে এবং সিমেন্টবাহী ট্রাকের হেলপার ঘাটাইল হাসপাতালে চিকিৎসাধীন।
এ বিষয়টি ঘাটাইল থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের সহযোগিতায় সিমেন্টবাহী ট্রাক চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহতরা ঘাটাইল ও টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়া আহতদের পরিচয় শনাক্ত চলছে। আইগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।

